বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরের একটি ইউনিয়ন কাজলা। ২৭ বছর ধরে একই ব্যক্তি এ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। হামলা-মামলাসহ নানা জটিলতার কারণে এখানে দীর্ঘদিন নির্বাচন হয়নি। এবার আর কোনো সমস্যা নেই। তাই তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে নির্বাচনী উৎসব। ঘরে ঘরে পৌঁছে গেছে এ উৎসবের আমেজ।কাজলা ইউনিয়নের বাসিন্দা আবদুর রশিদ বলেন, ‘২৭ বছর বয়স হলিও চেয়্যারম্যান-মেম্বর ভুট (ভোট) দিবার পারলাম না। এবার শুনছি হামাগোরে ইউনিয়নত ভুট হবি। কি যি আনন্দ লাগিচ্ছে, তা কবার পারমো না। হামাগোরে চরে এখন ঈদের আনন্দের মতো উৎসব শুরু হয়্যা গেছে।’জামথল গ্রামের মোহাম্মদ শাহীন বলেন, ‘আমরা ভোটের জন্য পাগল হয়ে আছি। আমরা এখন উৎসব করছি।’উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে যমুনা নদীর দুর্গম চরে কাজলা ইউনিয়ন। ১৯৮৩ সালে এই ইউনিয়নে নির্বাচন হয়। সে সময় চেয়ারম্যান নির্বাচিত হন এ বি এম শামস উদ্দিন। সেই থেকে ২৭ বছর ধরে একই দায়িত্ব পালন করছেন তিনি। মারামারি, কেন্দ্র নিয়ে সমস্যাসহ বিভিন্ন কারণে মামলা হওয়ায় এখানে ১৭ বছর কোনো নির্বাচনই হয়নি। শামস উদ্দিনই কৌশলে এসব মামলা করেছেন বলে এলাকাবাসীর কেউ কেউ অভিযোগ করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে নির্বাচন হওয়ার পর কয়েকটি ভোটকেন্দ্রে সংঘর্ষ হয়। এ কারণে ওই নির্বাচনের ফলাফল ঘোষিত হয়নি। এ নিয়ে মামলা হওয়ায় এই সময় আর নির্বাচন হয়নি। এতে পুরোনো চেয়ারম্যানই থেকে যান।১৯৯৪ সালের নির্বাচনে বেশির ভাগ কেন্দ্রের ফলাফলে এগিয়ে থাকেন অপর চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ আলী। একটি ভোটকেন্দ্র পরিবর্তন নিয়ে এ বি এম শামস উদ্দিন মামলা করায় সেই সময়ও ফলাফল ঘোষণা করা যায়নি। সেই মামলার রায় আশরাফ আলীর পক্ষে যায়। কিন্তু ফলাফল প্রকাশের আগেই আশরাফ আলী মারা যান। ওই সময় শামস উদ্দিন আবেদন করলে হাইকোর্ট পুরোনো চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের নির্দেশ দেন।অনেকে অভিযোগ করেন, ১৯৯৪ সালের পর যে কয়েকবার তফসিল ঘোষণা করা হয়েছে, সে কয়েকবারই এ বি এম শামস উদ্দিন তাঁর পক্ষের লোকজন দিয়ে মামলা করে নির্বাচন বন্ধ করে দিয়েছেন। সীমানা নির্ধারণসহ বিভিন্ন অজুহাতে এসব নির্বাচন বন্ধ থাকে।গত মঙ্গলবার কাজলার চর ঘুরে দেখা গেছে, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এখানে ভোটারসংখ্যা প্রায় ১০ হাজার। ইউনিয়নের পাকেরদহ, টেংরাকুড়া, জামথল, বেড়াপাঁচবাড়িয়া, ঘাগুয়া, পাকুরিয়া গ্রামের মানুষ ভোটের দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁরা বলেন, জন্মের পর থেকে এত দিন যাঁরা পুরোনো চেয়ারম্যান ও সদস্যদের দেখে আসছেন, তাঁরা এবারই প্রথম ভোট দেবেন। বৃদ্ধ ও বয়স্ক লোকজন দীর্ঘদিন পর ইউপি নির্বাচনে ভোট দিতে পারবেন।আনন্দের পাশাপাশি কাজলা ইউনিয়নের মানুষের মনে শঙ্কাও আছে। আগের মতো এবারও যদি মামলাজটে নির্বাচন আটকে যায়! এমন দুশ্চিন্তাও করছেন অনেকে। এ জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করার দাবি জানিয়েছেন।বর্তমান চেয়ারম্যান এ বি এম শামস উদ্দিন মামলা দিয়ে নির্বাচন বন্ধ রাখার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষের লোকজন তাঁর নামে অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, সরকার এই ইউনিয়নে নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। তাঁকে দোষ দিয়ে লাভ নেই।