হামলা-লুটপাট, আতঙ্কে চকরিয়ার চিংড়ি জোন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় গত ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ১০টি চিংড়িঘেরে হামলা ও লুটপাট হয়েছে। এতে আহত হয়েছেন ঘেরের ১৩ জন কর্মচারী। লুট হয়েছে মাছসহ অন্তত ৬২ লাখ টাকার মালামাল।
উপজেলা চিংড়ি খামার মালিক সমিতির সভাপতি এইচ এম সলিম উল্লাহ প্রথম আলোকে বলেন, চিংড়ি জোন হঠাৎ করেই অনিরাপদ হয়ে গেছে। সন্ত্রাসীরা প্রতিনিয়ত চাঁদা দাবি করছে। না দিলে হামলা-লুটপাট চালাচ্ছে। এতে ঘেরের মালিকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
হামলার সর্বশেষ ঘটনা ঘটে ২ সেপ্টেম্বর। এদিন ভোরে ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার তিনটি ঘেরে হানা দেয় সশস্ত্র দুর্বৃত্তরা। ঘেরের তিন কর্মচারীকে পিটিয়ে আহত করে তারা। আলী আহমদ নামের একজন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরেক আহত ওসমান গনি বলেন, ২০-২৫ জন সশস্ত্র দুর্বৃত্ত এসে অতর্কিত গুলি ছোড়া শুরু করে। একপর্যায়ে তারা বিভিন্ন প্রজাতির মাছ, জাল, মুঠোফোনসহ অন্তত তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এর আগে ৩১ আগস্ট দিবাগত রাত একটা থেকে ভোর ছয়টার মধ্যে খুটাখালী এলাকার ছয়টি চিংড়িঘেরে হামলার ঘটনা ঘটে। তখন সশস্ত্র দুর্বৃত্তদের মারধরে ঘেরগুলোর পাঁচজন কর্মচারী আহত হন। লুট হয় বিভিন্ন প্রজাতির মাছ, ঝাঁকি জাল, সোলার প্যানেল, কয়েক মণ চাল, মুঠোফোন সেটসহ ৫০ লাখ টাকার মালামাল। চিংড়িঘেরের মালিকদের একজন সেলিম উদ্দিন বলেন, হামলাকারীরা ঘটনার সময় শতাধিক গুলি ছোড়ে।
২৮ আগস্ট রাতে খুটাখালী ইউনিয়নের ফুলছড়ির কেরানীঘোনা এলাকার ১০৫ একরের একটি চিংড়িঘেরে হামলার ঘটনা ঘটে। ঘেরের মালিকদের একজন নুরুল আজিম বলেন, ২০ জনের মতো সশস্ত্র ব্যক্তি এ হামলায় অংশ নেয়। এ সময় একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। দুর্বৃত্তরা পাঁচ মণ চিংড়ি, ২০ হাজার টাকা, পাঁচটি মুঠোফোন সেট, ১১টি জালসহ নয় লাখ টাকার মালামাল লুট করে।
উপজেলা চিংড়ি খামার মালিক সমিতির নেতা সলিম উল্লাহ অভিযোগ করেন, রামপুর চিংড়ি জোন এলাকায় অবস্থিত অস্থায়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা দুর্বৃত্তদের হামলার খবর পেলেও ঘটনাস্থলে যান না। তিনি এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সাধারণত জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে চিংড়িঘেরে হামলা ও লুটপাট হয়ে থাকে। গত ২৮ আগস্ট ও ২ সেপ্টেম্বরের ঘটনায় থানায় মামলা হয়েছে। চিংড়ি জোনে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।