হামলা-লুটপাটের পর চারটি পরিবার বাড়িছাড়া দেড় মাস
বাড়িঘরে হামলা, মারধর, লুটপাট ও পুলিশের সামনে কলেজছাত্রীকে নির্যাতনের ঘটনার পর নাটোরের বাগাতিপাড়া উপজেলার শালাইনগর গ্রামের চারটি পরিবার প্রায় দেড় মাস ধরে বাড়িছাড়া আছেন।এসব ঘটনায় দায়ের করা দুটি মামলার কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন মহল থেকে তাঁদের আপস করার জন্য চাপ দেওয়া হচ্ছে। গত সোমবার (২৭ মে) গ্রামের কৃষক আবদুস সালাম, আবদুর রহিম, আবদুর রশিদ ও আবদুল করিমের বাড়িতে গিয়ে দেখা যায়, চারটি বাড়িতেই ঘরের আসবাব তছনছ করা অবস্থায় পড়ে আছে। শুধু আবদুর রশিদের বাড়িতে তাঁর বৃদ্ধ মা লুৎফুন্নেসাকে পাওয়া যায়।লুৎফুন্নেসা জানান, রশিদ তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ভয়ে বাড়িতে ফিরছেন না। গ্রামের অপর প্রান্তে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে কথা হয় আবদুর রহিমের সঙ্গে। তিনি বলেন, প্রতিবেশি আবদুল কুদ্দুস, কালাম ও শফিকুলের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১৬ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সেকেন্দার আলীর নেতৃত্বে একদল লোক তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলায় তাঁরা চার ভাই এবং এক ভাতিজা আহত হন। হামলাকারীরা তাঁর ভাই আবদুস সালামকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন এবং তাঁদের পরিবারের কয়েক শ মণ গম, ৪০ মণ মশুর, গম মাড়াই যন্ত্র, পাঁচটি গরু ও ছয়টি ছাগলসহ মোট ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে বাগাতিপাড়া থানার পুলিশ ঘটনা তদন্ত করার জন্য প্রতিবেশীর বাড়ি থেকে তাঁর মেয়ে লাকি খাতুনকে তাঁদের বাড়িতে নিয়ে যান। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে পুলিশের সামনেই সন্ত্রাসীরা লাকিকে নির্যাতন করেন। আবদুর রহিম বলেন, এসব ঘটনায় থানায় মামলা করতে গেলে প্রথমে পুলিশ মামলা নেয়নি। ১৮ এপ্রিল তাঁরা আদালতে দুটি মামলা করেন। আদালতের নির্দেশে পরে পুলিশ মামলা নেয়। পাশাপাশি লাকি গত ২১ এপ্রিল নিরাপত্তা চেয়ে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কাছে আবেদন করেন। দুটি মামলায় অভিন্ন ১৬ জনসহ মোট ৪০ জনকে আসামি করা হয়েছে। একটি মামলার ১ নম্বর আসামি সেকেন্দার আলী। তিনি বলেন, ওরা (ভুক্তভোগীরা) বিএনপি করে। তা ছাড়া তিনি প্রধান হিসেবে সালিস করে দেওয়ায় ওদের একটি জমি হাতছড়া হয়ে গেছে। এ জন্য তাঁর ওপরে তাঁরা ক্ষুব্ধ। তা ছাড়া যত জিনিসপত্র লুটের অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। ১৭ হাজার টাকার গম লুট হয়েছে। হামলাকারীরা গরু-ছাগল ফেরত দিয়েছে। সর্বদলীয় সালিস হয়েছে। ওরা মানেনি। তিনি আরও বলেন, ওরা ইচ্ছে করেই বাইরে আছে। ওরা ফিরে এলে কেউ আর কিছু বলবে না। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তিনি এখানে নতুন এসেছেন। তাই ভুক্তভোগীদের মামলা না নেওয়ার বিষয়ে কিছু জানেন না। ওই গ্রামে একটা উত্তেজনা আছে। কয়েকটি পরিবার বাইরে আছে বলে তিনি শুনেছেন। তিনি এ ব্যাপারে আপস করে দেওয়ার চেষ্টা করছেন। আসামি গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে ওসি বলেন, তিনি আসার আগেই তো গ্রেপ্তার হওয়ার কথা। তিনি ঠিক জানেন না, খোঁজ নিয়ে দেখবেন।