হামলা-সংঘর্ষে আহত ৪৩, ঘর ভাঙচুর
ভোলার ইলিশা, মেহেরপুর সদর ও বরিশালের গৌরনদী উপজেলায় গত শনিবার এবং গতকাল রোববার পৃথক হামলা-সংঘর্ষে অন্তত ৪৩ জন আহত হয়েছেন। এ সময় একটি ঘর ভাঙচুর ও দুজন গ্রেপ্তার হয়েছেন।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: গত শনিবার বিকেলে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চর আনন্দ পাট-২ গ্রামে তালুকদার পক্ষের কৃষকেরা পাকা ধান দেখতে গেলে আবু তাহের উকিল পক্ষের লোকজন হামলা চালায়। এতে দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন। তালুকদার পক্ষের আহত কৃষক মো. জাকির হোসেন ও জয়নাল আবদীন জানান, চরে লাগানো ধান পেকেছে কি না দেখতে গেলে তাহের উকিলের লাঠিয়াল বাহিনী তাঁদের ওপর হামলা চালায়। হামলায় তাঁদের পক্ষের ১০ জন আহত হয়েছেন।মেহেরপুর: সদর উপজেলার পিরোজপুর গ্রামের একটি বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে গতকাল রোববার সকালে গ্রামের মনোরুদ্দিন দফাদার ও লাল্টু পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ২২ জন গ্রামবাসী আহত হন। সংঘর্ষ চলাকালে লাল্টুর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে মেহেরপুর গোয়েন্দা পুলিশ ও পিরোজপুর যৌথ বাহিনীর ক্যাম্প সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ জনকে আটক করা হয়েছে।গৌরনদী (বরিশাল): উপজেলার কমলাপুর গ্রামের আলামিন খান (১৮) ও বার্থীর আল ইমরান লস্করের (১৯) মধ্যে গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বার্থী বাজারে একটি দোকানে মুঠোফোনে আগে-পরে টাকা ভরা নিয়ে বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়। এর জের ধরে আল ইমরান লস্কর লোকজন নিয়ে আলামিন খান ও তার মামাতো ভাই সোহাগ আলুকদারকে (১৬) পিটিয়ে জখম করে। এ সময় আলামিন খান ও তার মামাতো ভাই সোহাগ দৌড়ে বাজারসংলগ্ন মামার বাড়িতে আশ্রয় নেয়। হামলাকারিরা ওই বাড়িতে হামলা চালিয়ে একটি বসতঘর ভাঙচুর ও গৃহকত্রী রেহানা বেগমকেও (২৭) মারধর করেন। এদিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার নরসিংহলপট্টি গ্রামের যুবদল কর্মী জসীম উদ্দিন সরদারের সঙ্গে পাশের পতিহার গ্রামের রাজিবের গত শনিবার সকালে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে বিকেল সাড়ে চারটায় রাজিব লোকজন নিয়ে হামলা করলে জসীম ও মিন্টু সরদার আহত হন। তাঁদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন জসীম ও মিন্টুর ওপর দ্বিতীয় দফায় হামলা চালান। এ ঘটনায় জসীম উদ্দিন ১৫ জনকে আসামি করে গতকাল রোববার একটি মামলা করেছেন।