হামলা হচ্ছে 'গেরিলা' কায়দায়, আটক হচ্ছে সাধারণ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরেজমিন: রাজশাহী
সরেজমিন: রাজশাহী

রাজশাহীতে হামলা হচ্ছে ‘গেরিলা’ কায়দায়। পুলিশ অনেক ক্ষেত্রে আগাম সংবাদ পাচ্ছে। সেখানে যাচ্ছেও। কিন্তু তখন সেখানে কোনো অঘটন ঘটছে না। মুঠোফোনে যোগাযোগ করে অন্য কোনো জায়গায় একত্র হয়ে দ্রুত হামলা করে পালিয়ে যাচ্ছে ‘সন্ত্রাসীরা’।
রাজশাহীর সাম্প্রতিক সহিংস ঘটনার এই ব্যাখ্যা দিলেন খোদ পুলিশেরই এক ঊর্ধ্বতন কর্তা।
এসব সন্ত্রাসী তৎপরতার অভিযোগের আঙুল জামায়াত-শিবিরের দিকেই। তাদের রাজনৈতিক শরিক বিএনপির নেতা নবনির্বাচিত রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনও প্রকারান্তরে স্বীকার করেছেন, জামাত-শিবির কৌশল পরিবর্তন করেছে।
গত ২৬ অক্টোবর থেকেই রাজশাহী মহানগর ও তার পাশের উপজেলাগুলোতে হরতাল-অবরোধ কর্মসূচির সময় ছাড়াও নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ধারাবাহিকভাবেই ঘটে চলেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দিন বা রাত যখনই হোক, অতর্কিতে এসব হামলা হয়। যারা এসব ঘটায়, তারা অচেনা লোক। অনেক সময় কাপড়ে মুখ ঢাকা থাকে। হামলা করেই দ্রুত সটকে পড়ে। পরে পুলিশ এসে ঘটনাস্থলে যেসব লোককে পায়, তাঁদের আটক করে। তাঁদের মধ্যে অধিকাংশই আশপাশের সাধারণ মানুষ। পরে তাঁদের ছাড়াতে গেলে বেশ মোটা অঙ্কের উৎকোচ দিতে হয়। এই নিয়ে স্থানীয় লোকজন পুলিশের ওপর বেজায় অসন্তুষ্ট।
পুলিশের হিসাবে গত ২৬ অক্টোবর থেকে অতর্কিত হামলায় ২১ জন পুলিশ গুরুতর আহত হয়েছে। সাধারণ লোকের আহত হওয়ার হিসাব তাদের কাছে নেই। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে দেখা যাচ্ছে, আহত হয়েছেন ২০০-এর মতো। গ্রেপ্তার হয়েছেন ৭৩ জন।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দিন গত বৃহস্পতিবার বলেন, এসব আচমকা হামলা সম্পূর্ণ বন্ধ করা কঠিন। সে জন্য প্রচুর তথ্যদাতা ও অর্থের প্রয়োজন, তা এখানে নেই। সীমাবদ্ধতা সত্ত্বেও জোরালো পুলিশি তৎপরতায় কয়েকটি এলাকায় কিছু ঘটনা ছাড়া, মহানগরে বড় রকম নাশকতামূলক তৎপরতা রোধ করা গেছে।
গত ৩০ সেপ্টেম্বর রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ সাতজন আহত হন। সেদিন ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে চারজন ছাড়া সবাইকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার দিন রাতেই ১৬ জন এবং অন্যদের সকালে ছেড়ে দেওয়া হয়। নাম না প্রকাশ করার শর্তে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের তিনজন ছাত্র জানান, তাঁদের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়ে তারপর ছেড়েছে পুলিশ।
২৭ সেপ্টেম্বর পুলিশি অভিযানে বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের (বেসরকারি) চারজন শিক্ষার্থীকে বোয়ালিয়া থানার পুলিশ আটক করেছিল। তাঁদের তিনজনকে ২০ হাজার টাকার বিনিময়ে পুলিশ ছেড়ে দেয়।
গত ১৭ জুলাই নগরের বোয়ালিয়া থানার পুলিশ নগরের সপুরা এলাকায় বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষার্থীকে আটক করে। তাঁদের সবাইকে ওই দিন দুপুর থেকে রাত ১০টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। এই ছাড়ানোর জন্য তদবির করছিলেন নাটোরের নলডাঙ্গা থানার একজন অভিভাবক। তিনি জানান, জনপ্রতি ৬ থেকে ১০ হাজার পর্যন্ত টাকা দিতে হয়েছে।
সাধারণ লোককে আটক করে অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘ভুল জায়গায়, ভুল সময়ে উপস্থিত হলে অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। তবে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে কাউকে আটক করছে না। হয়তো পাঁচ-ছয়জনের একটি দল অতর্কিত হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২০-২৫ জনকে প্রাথমিকভাবে আটক করে। তাদের মধ্যে হয়তো এক বা দুজন ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট থাকে। যাচাই-বাছাই করে নিরপরাধীদের ছেড়ে দেওয়া হয়। এর ফাঁকফোকর দিয়ে কেউ হয়তো কিছু করতে পারে। তবে আমরা সতর্ক আছি। আটক-বাণিজ্য বলতে যা বেঝায়, তা রাজশাহীতে হচ্ছে না।’
ক্ষমতাসীন দলের প্রতিহিংসাপরায়ণতা ও উসকানিতেই সন্ত্রসী ঘটনা ঘটছে বলে অভিযোগ করলেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন। তাঁর দাবি, মাস দুয়েক ধরে বিএনপি ও জামায়াতের ওপর পুলিশ এবং আওয়ামী লীগের হামলা-নির্যাতন চলছে। বিএনপি, যুবদল ছাত্রদলের প্রায় ১০০ নেতা-কর্মী পুলিশের রাবার বুলেট ও ছররা গুলিতে আহত হয়েছেন। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা প্রথম থেকেই নির্যাতনের শিকার হচ্ছেন। তাঁদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। প্রথম সারির নেতাদের আটক করা হয়েছে। যু্দ্ধাপরাধের দায় চাপানো হচ্ছে। দলটি কেন্দ্রীয়ভাবে প্রায় নেতৃত্বহীন হয়ে পড়েছে। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়েই তারা ভিন্ন কৌশল অবলম্বন করেছে।
ঠিক এর উল্টো কথাই বলেছেন সদ্য সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান। তিনি বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাই সবচেয়ে বেশি বিএনপি-জামায়াতের প্রকাশ্য এবং চোরাগোপ্তা হামলার শিকার হয়েছেন। কোপানো, হাত-পায়ের রগ কেটে দেওয়া, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এসব হয়েছে আওয়ামী লীগের লোকের ওপরই। তিনি বলেন, ‘আমাদের লোক খুনও হয়েছে। আমরা অনেক সহনশীলতা দেখিয়েছি।’
খায়রুজ্জামান বলেন, মতিহারকেন্দ্রিক কিছু এলাকায় সমস্যা আছে। বৈবাহিক সম্পর্ক করে জামায়াত-শিবিরের কর্মীরা ছয়টি ওয়ার্ডে তাদের প্রভাব বিস্তার করে আছেন। তাঁরা বাইর থেকে লোক আনেন, আবার পেশাদার সন্ত্রাসী, মাদকসেবীদেরও ভাড়া করে নাশকতা চালান। মতিহার থানায় একজন জাঁদরেল ওসি দরকার।
সরকার ও বিরোধীপক্ষের চাপান-উতোর চলছে। পুলিশ বলছে, পরিস্থিতি সামাল দিতে তারা যতদূর সম্ভব সবই করছে। তবে যেহেতু অতর্কিত হামলা হচ্ছেই তাই নগরবাসীর মন থেকে ভয় কাটছে না।