বগুড়ার নন্দীগ্রামে গত রোববারের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল শনিবার গণশুনানি হয়েছে। গণশুনানিতে তদন্ত কমিটির কাছে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জামায়াতে ইসলামী ও বিএনপির স্থানীয় নেতাদের নেতৃত্বেই সেদিনের ওই সহিংস ঘটনা ঘটে।এদিকে এক মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নন্দীগ্রামের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। তাঁরা বলেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। যারা প্রকৃত দোষী, তাদেরই কঠোর শাস্তি দেওয়া হোক।জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার নন্দীগ্রামে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, উপজেলা পরিষদের ১৫টি বিভাগের মালামাল, নথিপত্র, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে ফেলা হয়। এতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনা তদন্তে গত মঙ্গলবার রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়কে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিব আহসান জানান, তদন্তের অংশ হিসেবেই গণশুনানির আয়োজন করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা পরিষদের ডাকবাংলোতে এই গণশুনানিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এসে কথা বলেন। গতকাল অন্তত ৩৫ জন গণশুনানিতে সেদিনের ঘটনার বর্ণনা দেন।তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায় উপস্থিত থেকে সেদিনের বর্ণনা শোনেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির নূরুল ইসলাম ও জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ফজলে রাব্বী তোহাসহ আরও বেশ কয়েকজন নেতার নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলা পরিষদের ধ্বংসযজ্ঞ চালানো হয়। হামলার জন্য লোক আনা হয় বিজরুল, ভাটরা, রিদইল, দামগাড়া, ভুশখুর, বুড়ইলসহ আশপাশের গ্রাম ও মাদ্রাসা থেকে। ওই দিনের ঘটনা পরিকল্পিত ছিল বলেই তিনি মনে করেন।সিমলা গ্রামের মুক্তিযোদ্ধা ওয়াসিম উদ্দিন বলেন, নন্দীগ্রামের বাইরের একটি মাদ্রাসা থেকে রাতে দুটি ট্রাকে করে ছাত্রদের আনা হয়েছিল। তাদেরই দুই ছাত্র তাঁর বাড়িতে ভাত খেতে গিয়েছিল। এটা একটা পরিকল্পিত ঘটনা।এদিকে তদন্ত কমিটির প্রধান স্বপন রায়ের সঙ্গে গতকাল দুপুর ১২টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান। জেলা জাসদের সভাপতি রেজাউল করিম নন্দীগ্রামের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।স্বপন রায় উপস্থিত সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘আমরা চাই প্রকৃত দোষী শাস্তি পাক।’