হামলাকারী-হুকুমদাতাদের বিচারে আইন প্রণয়নের দাবি সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের কর্মসূচিকে নাশকতা-সহিংসতা বলে আখ্যায়িত করেছেন সরকারি ও বিরোধী দলের সাংসদেরা। তাঁরা নাশকতাকারী, পেট্রোলবোমা হামলাকারী ও হুকুমদাতাদের বিচার নিশ্চিত করতে দ্রুত আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।

আজ রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় সাংসদেরা এ দাবি জানান। অনির্ধারিত এ আলোচনার শুরু করেন বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, অবরোধ-হরতাল কত দিন চলছে? আমাদের কাছে সেই হিসাব না থাকলেও জনগণের কাছে আছে। জনগণ শঙ্কামুক্ত হতে পারছে না, আবার ঘরেও থাকতে পারছে না। শঙ্কামুক্তভাবে রাস্তায় চলাফেরা ও কর্মক্ষেত্রে যেতে চায়। কোমলমতি ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না, নির্বিঘ্নে স্কুলে যেতে পারছে না। এসএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। ১৫ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ কী হবে? উনি (খালেদা জিয়া) তো ছেলে হারিয়েছেন, তাঁর মন ব্যথিত। যদি সত্যিকারের মা হতেন তবে সন্তান হারানোর ব্যথা থেকে পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধ স্থগিত করতেন। আগুনে পুড়ে মৃত্যু যে কী কষ্টের, একমাত্র আগুনে দগ্ধরাই তা বলতে পারেন। নাশকতা যেমন করেই হোক বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে বিরোধী দল সহযোগিতা করবে।
বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন, তাঁর কাছে দেশ ও দেশের ভবিষ্যৎ বড় নয়, ক্ষমতা বড়।
জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘এখন বলাবলি বা আলোচনার সুযোগ নেই। কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? যেকোনো মূল্যে পরীক্ষা নেবেন, তবে পরীক্ষা পেছালেন কেন? বিষধর সর্পের কাছে ছোবল না মারার আবেদন করে কোনো লাভ নেই। খালেদা জিয়া সন্ত্রাসী নেত্রী হয়ে গেছেন। দেশের আইনকানুন আছে, অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’
পেট্রোলবোমা নিক্ষেপকারীদের দ্রুত বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়ে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে অপকর্ম করে যাচ্ছেন।
শামীম ওসমান বলেন, দেশবাসী আর কথা নয়, এবার খালেদা জিয়ার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া দেখতে চায়।
নুরুল ইসলাম (সুজন) বলেন, খালেদা জিয়া এবার ১৫ লাখ শিক্ষার্থীর জীবন ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছেন। এসব সন্ত্রাসীকে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন করতে হবে।
জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, দেশকে মৃত্যু উপত্যকা বানানোর ষড়যন্ত্র রুখতে হবে। অনির্ধারিত এ আলোচনায় আরও বক্তব্য দেন আবদুল মতিন খসরু, আবদুল মান্নান ও তারানা হালিম।