হামলাকারী ও হুকুমদাতাদের বিচারে আইন প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের কর্মসূচিকে নাশকতা-সহিংসতা বলে আখ্যায়িত করেছেন সরকারি ও বিরোধী দলের সাংসদেরা। তাঁরা নাশকতাকারী, পেট্রোলবোমা হামলাকারী ও হুকুমদাতাদের বিচার নিশ্চিত করতে দ্রুত আইন প্রণয়নের দাবি জানান।
গতকাল রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় সাংসদেরা এ দাবি জানান। অনির্ধারিত এ আলোচনার শুরু করেন বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, ‘ আগুনে পুড়ে মৃত্যু যে কী কষ্টের, একমাত্র আগুনে দগ্ধরাই তা বলতে পারেন। নাশকতা যেমন করেই হোক বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে বিরোধী দল সহযোগিতা করবে।
পেট্রোলবোমা নিক্ষেপকারীদের দ্রুত বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়ে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে অপকর্ম করে যাচ্ছেন। শামীম ওসমান বলেন, দেশবাসী এবার খালেদা জিয়ার বিরুদ্ধে অ্যাকশন দেখতে চায়।
নুরুল ইসলাম (সুজন) বলেন, খালেদা জিয়া এবার ১৫ লাখ শিক্ষার্থীর জীবন ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছেন। এসব সন্ত্রাসীকে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন করতে হবে।