হামলাকারী কারা হামলার ধরন থেকেই স্পষ্ট: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

বিশিষ্ট লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হামলাকারী কারা, এটা হামলার ধরন থেকেই স্পষ্ট হয়ে গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি) ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘যারা এই ঘটনাগুলো ঘটায়, তারা ধর্মান্ধ। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল একটা অনুষ্ঠানে বসে ছিলেন, সেখানে তাঁকে ছুরি মারা হয়েছে।’

সন্তানদের অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত রাখতে এবং এ বিষয়ে তাদের সচেতন করে গড়ে তুলতে অভিভাবক-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জাফর ইকবালের ওপর হামলার সঙ্গে সঙ্গে তিনি এয়ার ফোর্সের হেলিকপ্টার পাঠিয়ে তাঁকে (জাফর ইকবাল) উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে নিয়ে আসেন।

শেখ হাসিনা বলেন, ‘জাফর ইকবালের অবস্থা এখন অনেকটাই স্টেবল, ভালো।’

প্রধানমন্ত্রী বলেন, যারা এই ঘটনাগুলো ঘটায়, তারা মনে করে, একটা মানুষ খুন করলেই বুঝি তারা বেহেশতে চলে যাবে। তারা কোনো দিন বেহেশতে যাবে না। তারা দোজখের আগুনে পুড়বে, এতে কোনো সন্দেহ নেই। কারণ, নিরীহ মানুষ হত্যা করলে কেউ বেহেশতে যেতে পারে না।

শেখ হাসিনা বলেন, ‘তাহলে তারা এই অন্ধত্বে ভুগছে কেন? যদিও আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই বাংলাদেশে কোনো রকম সন্ত্রাস-জঙ্গিবাদ আমরা চলতে দেব না। মাদকের বিরুদ্ধেও আমরা অভিযান চালাচ্ছি। আমাদের শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম থেকে শুরু করে অন্যান্য ধর্মের প্রত্যেককে যেখানেই যাচ্ছি, সেখানেই সকলের প্রতি আমি জঙ্গিবাদবিরোধী আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, এমনকি তিনি যেসব পাবলিক মিটিং করেন, সেখানেও আহ্বান জানান—মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে সবাই মিলে ছেলেমেয়েকে মুক্ত রাখতে হবে। এ জন্য যা যা করণীয় সবাইকে তা-ই করতে হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শনিবার এক যুবকের অতর্কিত হামলায় ছুরিকাহত হন জাফর ইকবাল। তাঁকে তাৎক্ষণিকভাবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

সরকার দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে, তার প্রতি লক্ষ রাখার আহ্বান জানান।

ছেলেমেয়েদের যেন মা-বাবার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়, মা-বাবাকে সন্তানেরা মনের কথা খুলে বলতে পারে, পরস্পরের মধ্যে সে ধরনের একটা মানসিক যোগাযোগ থাকা প্রয়োজন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, ছেলেমেয়েরা বড় হওয়ার সময় একেক বয়সে তাদের একেক রকম মানসিক বৃদ্ধি ঘটে। সেই বিষয়টির প্রতি মা-বাবাকে নজর দেওয়া, মা-বাবাকে আরও সহনশীল হওয়া এবং ছেলেমেয়েরা যেন বিপথে না যায়, তার প্রতি লক্ষ রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এত মেধাবী ছেলেমেয়ে, তারা যেন কেউ বিপথে না যায়, সেটাই আমরা চাই। কারণ, দেশকে আমাদের সেভাবে গড়ে তুলতে হবে। আমরা আর পিছিয়ে যাব না। সামনের দিকে এগোব। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলব।’

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আফম রুহুল হক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে ১১৬ জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, ২ হাজার ৩৫৮ জনকে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি) এবং ১৪১টি প্রকল্পকে গবেষণা অনুদান প্রদান করা হয়। প্রধানমন্ত্রী টোকেন হিসেবে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ফেলোশিপ ও অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও ফেলোশিপপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।