হামলাকারী চিহ্নিত কাউকে ছাড় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে (ডানে) কী বলছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক? মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনার নয় দিন পর গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় এলাকার সাংসদ ও মন্ত্রী তাঁর সঙ্গে কথা বলেন। নাসিরনগরের কাশীপাড়া থেকে তোলা ছবি l প্রথম আলো
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে (ডানে) কী বলছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক? মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনার নয় দিন পর গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় এলাকার সাংসদ ও মন্ত্রী তাঁর সঙ্গে কথা বলেন। নাসিরনগরের কাশীপাড়া থেকে তোলা ছবি l প্রথম আলো

মন্দির ও বসতবাড়িতে হামলা হওয়ার নয় দিন পর গতকাল মঙ্গলবার নাসিরনগরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে তিনি উপজেলা সদরের আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। সেখানে বলেন, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের চিহ্নিত করা গেছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এটা করেছে, তারা মনে করে তারাই বিজ্ঞ, আমরা কিছু জানি না। আমাদের প্রশাসন আছে। কারা ঘটিয়েছে, আমরা চিনতে পেরেছি। সবকিছুই বেরিয়ে আসবে। আমাদের বক্তব্য সুস্পষ্ট। কারও ধর্মীয় বিশ্বাসের ওপর কেউ যেন আঘাত না করে। যদি কেউ আঘাত হানে, তাদের আইসিটি আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।’
সমাবেশে সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক হামলার নেপথ্য ব্যক্তিদেরও খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গত ৩০ অক্টোবর হামলার দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ১৪টি ট্রাকে কারা লোক এনেছিল, বিষয়টি খুঁজে বের করুন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘ভিডিও চিত্র, তথ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে দোষী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কাছে যে তথ্য এসেছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে, নাসিরনগরের হামলায় টুপি পরা, দাড়িওয়ালা, মাদ্রাসার ছাত্ররা জড়িত ছিল না।’
হামলার দিন সমাবেশের আয়োজন করা আহলে সুন্নাত ওয়াল জামা’আতকে উদ্দেশ করে আইজিপি বলেন, ‘আপনারা সমাবেশের আয়োজন করেছেন। নিয়ন্ত্রণ করতে পারেননি। এখন এর দায়িত্ব নিতে হবে।’
র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ জড়িত ব্যক্তিদের নিশ্চিহ্ন করা হবে উল্লেখ করে বলেন, ‘বিষবাষ্পের খেলা আর দেখতে চাই না।’
সর্বদলীয় সুধী সমাবেশ নামে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এই সমাবেশের আয়োজন করে। বেলা একটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত সমাবেশ চলে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। আরও বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত আইজি (এসবি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, চট্টগ্রামের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ ইসকনের উপদেষ্টা কৃষ্ণকীর্তন দাস ব্রহ্মচারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাজেদুর রহমান।
রসরাজ দাসের জামিন নামঞ্জুর: ফেসবুকে ধর্ম অবমাননার ছবি নিয়ে উত্তেজনার পর গ্রেপ্তার হওয়া রসরাজ দাসকে গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ আরও সাত দিনের রিমান্ড চায়। আর রসরাজের আইনজীবীরা তাঁর জামিন চান। আদালত রিমান্ড ও জামিন দুটোই নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল ব্রাহ্মণবাড়িয়ার সাত আইনজীবী তাঁকে সহায়তা দেন বলে জানান জেলা আদালতের আইনজীবী নাসির মিয়া। প্রথম আলোকে তিনি বলেন, এটা স্পষ্ট যে রসরাজ এই ছবি পোস্ট করেননি। তাই তাঁরা রসরাজের পাশে দাঁড়িয়েছেন।