হামলাকারী ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও গণশিল্পী সংস্থার সদস্য বাসুদেব রায়ের ওপর ছাত্রলীগের কর্মীর হামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবারও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। দুপুর ১২টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী সাদ্দাম হোসেন ওরফে সজীব ও তাঁর সহযোগীদের ছাত্রত্ব বাতিল এবং সরকারের কাছে তাঁদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন, নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর রাজশাহী শাখার সহসভাপতি আলমগীর মালেক, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, রাজশাহী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায়, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. শাহ্ আজম, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী প্রমুখ।
ভাষাসৈনিক আবুল হোসেন বলেন, যারা বাসু দেবের ওপর হামলা চালিয়ে তাঁর পা ভেঙে দিয়েছে, তাদের অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে। অন্যথায় সাংস্কৃতিক কর্মীরা দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।
হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়ে নাট্যকার মলয় ভৌমিক বলেন, ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশ কেউই হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি বলেন, ‘আমরা যাঁরা এই ক্যাম্পাসে সাংস্কৃতিক চর্চা করি, তাঁরা শুরু থেকেই মৌলবাদীদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। একসময় ছিল, যখন মৌলবাদীরা প্রতিনিয়ত আমাদের ওপর নির্যাতন চালাত। এখন দেখছি, প্রগতিশীল নামধারী কিছু ছাত্র সংগঠনের সদস্যরাও সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।’
জোটের অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রবিষয়ক সংগঠন ম্যাজিক লণ্ঠন, বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন ও ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে গণশিল্পী সংস্থার কার্যালয়ে বাসুদেবকে পিটিয়ে তাঁর পা ভেঙে দেন ছাত্রলীগের কর্মী সাদ্দাম হোসেন ও তাঁর সহযোগীরা। আহত বাসুদেব রায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।