প্রকাশ্যে রাজপথে প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিক খালেদ সরকার, সাজিদ হোসেন ও জাহিদুল করিমকে বেদম পিটুনির ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মহাজোট সরকারের সময় সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এর প্রতিকার চাওয়া হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: বগুড়া: বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল দুুপুরে শহরের সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা সাংবাদিক পেটানোর ঘটনার নিন্দা জানিয়ে জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন। মানববন্ধনে বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম আর সাইন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদর চৌরাস্তার মোড়ে গতকাল দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বোয়ালমারী প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধনে বক্তারা সাংবাদিক পেটানোর ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এর আগে বোয়ালমারী প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় একই দাবি জানানো হয়। প্রেসক্লাবের আহ্বায়ক নাজমুল হকের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন আমিরুল ইসলাম চৌধুরী, সেলিম রেজা, কাজী আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন ও মনিরুল ইসলাম। বিরামপুর (দিনাজপুর): বিরামপুর প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, মহাজোট সরকারের সময় সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিকদের ওপর হামলার কারণে পেশাগত দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে। সাংবাদিক এ কে এম শাহজাহানের সভাপতিত্বে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ সভায় বক্তব্য দেন সাংবাদিক সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, আকরাম হোসেন, মোরশেদ মানিক, মোস্তাফিজুর রহমান প্রমুখ। পানছড়ি (খাগড়াছড়ি): খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রেসক্লাবে গতকাল দুপুরে এক প্রতিবাদ সভায় সাংবাদিক পেটানোর ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে। পানছড়ি প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দৈনিক সমকাল-এর পানছড়ি প্রতিনিধি এস চাঙমা সত্যজিৎ, প্রথম আলোর নূতন ধন চাকমা ও দৈনিক ভোরের কাগজ-এর রাশেদুজ্জামান অলি।