চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয়ের (ম্যাটস্) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নোয়াখালীর সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মিজানুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ম্যাটস্ শিক্ষার্থীরা। এর মধ্যে তাঁকে গ্রেপ্তার করা না হলে কেন্দ্রীয়ভাবে সারা দেশে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল রোববার সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে ম্যাটস্ শিক্ষার্থীদের সংগঠন বঙ্গবন্ধু মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ম্যাটস্ শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের হামলারও নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মো. আর এইচ রিফাত। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. দাউদুল ইসলাম, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা শাখার দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন, সাবেক নেতা আক্তার হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বিকেলে প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালায়। এ সময় পুলিশের উপস্থিতিতে জোনাল সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়ের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মিজানুর রহমান বিনা কারণে অতি উৎসাহী হয়ে শিক্ষার্থীদের লাঠিপেটা করেন।
এ বিষয়ে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) শাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তাঁরা কিছু জানেন না।
শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর বক্তব্য জানতে সেটেলমেন্ট কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। অবশ্য গত শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে মিজানুর রহমান বলেছিলেন, তাঁকে গালি দেওয়ার প্রতিশোধ হিসেবে শিক্ষার্থীদের মারধর করেন তিনি।