হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুরে শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ইসলামপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
জামালপুরের ইসলামপুরে শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ইসলামপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

জামালপুরের ইসলামপুর উপজেলার স্কুলশিক্ষক মাশিকুর রহমানকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিকে শিগগির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে জামালপুর-ইসলামপুর সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টা থেকে এক ঘণ্টার এই কর্মসূচিতে উপজেলার ২০০ প্রাথমিক বিদ্যালয়ের ৮০০ জন শিক্ষক অংশ নেন। এতে বক্তব্য দেন শিক্ষক নূর ইসলাম, সোলাইমান কবীর, সোরুয়ার আজম, আহসান হাবিব, আবদুল হাই প্রমুখ। শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লুহানি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, ‘একজন শিক্ষক এভাবে মারধরের শিকার হতে পারেন, আমরা কল্পনাও করতে পারিনি। এটা শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শিগগির গ্রেপ্তার না করা হলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

ইসলামপুরের জেজেকেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের একটি পদ শূন্য হয়। ওই পদে যোগ দিতে শিক্ষক মাশিকুর রহমান ও আরিফা তামান্না আবেদন করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে মাশিকুরকে যোগ দিতে বলা হয়। গত বুধবার দুপুরে তিনি বিদ্যালয়ে যোগ দিতে যান। এ সময় আরিফা তামান্নার স্বামী মিজানুর রহমান লোকজন নিয়ে মাশিকুরকে বেধড়ক মারধর করেন ও কাগজপত্র ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বুধবারই ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিন-ই-আলম বলেন, ওই ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।