হামলাকারীকে ছাড় দেওয়া হবে না: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘শুধু ভোট দেওয়ার কারণে প্রতিটি নির্বাচনের পর পরাজিত শক্তি জামায়াত-বিএনপি সংখ্যালঘুদের ওপর হামলা করে। হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এদের শাস্তি দেওয়া হবে, যেন নির্বাচনে পরাস্ত হয়ে হামলার সুযোগ না পায়।’ তিনি অভিযোগ করেন, বিএনপি হরতাল-অবরোধের নামে যেভাবে রাস্তা কেটেছে, চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে; এটাকে রাজনীতি বলে না। এটা স্রেফ সন্ত্রাস।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে অবৈধ সম্পদ অর্জন, জামায়তের সঙ্গে সম্পর্ক ও মন্ত্রিত্বে তদবিরসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে এই নেতার ব্যাপারে সংবাদ প্রচারিত হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রসঙ্গে হানিফ দাবি করেন, ‘হলফনামার বাইরে তাঁর আর কোনো সম্পদ নেই।’ সম্পদের পাশাপাশি ব্যাংকে ১৪ কোটি টাকা ঋণ আছে—উল্লেখ করে তিনি গণমাধ্যমের কর্মীদের উদ্দেশে বলেন, ‘দয়া করে জেনে লিখুন। বিভ্রান্তি ছড়াবেন না। বিকৃত তথ্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবেন। এতে দেশের লাভ হবে না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ দেখিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সরে এসে দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করুন। সংহিসতা ত্যাগ করলে আলোচনার মাধ্যমে একাদশ নির্বাচনের ভবিষ্যত্ রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে।
জামায়াতকে নিষিদ্ধের দাবি করে কুষ্টিয়া থেকে নির্বাচিত সাংসদ হানিফ বলেন, ‘জামায়াতে ইসলামী নামের সঙ্গে “ইসলাম” শব্দটি থাকলেও শুরু থেকে তারা অনৈসলামিক কাজ করে আসছে। তাদের মতো আর কেউ ইসলামকে অবমাননা করেনি। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নারীদের এই দল গণিমতের মাল আখ্যা দিয়ে তাঁদের ওপর পাশবিক নির্যাতনকে জায়েজ ঘোষণা করেছিল। তাদের কারণে অন্য ধর্মের মানুষের কাছে ইসলাম নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আশা করি, ধর্ম নিয়ে রাজনীতি করা জামায়াতের রাজনীতি খুব শিগগির বাংলার মাটিতে নিষিদ্ধ হবে।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন অভিনেতা পীযূষ বন্দ্যোপধ্যায়, এটিএম শামসুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার।