ঢাকা সেনানিবাসের প্রবেশমুখের রাস্তা কচুক্ষেত এলাকায় কর্তব্যরত একজন সেনাসদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার হওয়া রিকশাচালক জামিরুল ইসলাম ওরফে মানিকের সেনা আইনে দুই বছরের সাজা হয়েছে। সামরিক আদালত ১৩ মাস বিচারপ্রক্রিয়া শেষে ১৮ ডিসেম্বর এই সাজা দেন।
কারাদণ্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা সামরিক আদালত জামিরুলকে দুই বছরের সাজা দিয়েছেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। সেনাসদস্য সামিদুল ইসলামকে কুপিয়ে আহত করার ঘটনায় করা হত্যাচেষ্টার মামলাটি কাফরুল থানার পুলিশ তদন্ত করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আসলামউদ্দিন প্রথম আলোকে বলেন, ল্যান্স করপোরাল সামিদুল ইসলামকে কুপিয়ে আহত করার ঘটনায় জামিরুলের বিরুদ্ধে করা হত্যাচেষ্টা মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তবে তদন্তে এখন পর্যন্ত জামিরুলের বিরুদ্ধে সেনাসদস্যকে কুপিয়ে আহত করার সত্যতার প্রমাণ পাওয়া গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, কিছুদিন আগে তিনি ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে লিখিতভাবে জানিয়েছেন, ১৯৫২-এর ধারা ২(১), ডি(১) অনুযায়ী আইনের ধারা ৭৩-এর প্রাধিকারে জামিরুলকে সেনা হেফাজতে অন্তরীণ রেখে তাঁর বিচার চলছে। শুনানি শেষে আদালত বলেছেন, সেনা আইনের বিচার শেষে তাঁকে কাফরুল থানায় সোপর্দ করা হবে। সেনা কর্তৃপক্ষ আসামিকে থানায় হস্তান্তর করলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হবে। এরপর দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে।
গত বছরের ১০ নভেম্বর কচুক্ষেতে কর্তব্যরত অবস্থায় মিলিটারি পুলিশের সদস্য ল্যান্স করপোরাল সামিদুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়।