হামলাকারীদের উসকানি বা নেতৃত্বে কারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় তাণ্ডব চালিয়েছেন আশপাশের কিছু সোয়েটার কারখানার শ্রমিক। এতে এলাকাবাসী ও কারখানার কিছু শ্রমিক জড়িত ছিলেন। তবে এই হামলাকারীদের উসকানি বা নেতৃত্ব দিয়েছেন কারা, সেটির জট খুলছে না।
হামলাকারীদের পরিচয় বিষয়ে অন্ধকারে আছে শিল্প পুলিশ। এলাকাবাসী, স্ট্যান্ডার্ডের শ্রমিক ও মালিকপক্ষ কেউই স্পষ্ট করে বলতে পারছে না। বিজিএমইএর নেতারা এই ঘটনা পোশাকশিল্পকে ধ্বংস করার চক্রান্ত বলছেন।
কয়েক দিন ধরেই জরুন এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন কয়েকটি সোয়েটার কারখানার শ্রমিক। গত ১৯ নভেম্বর ওই শ্রমিকেরা কুদ্দুসনগর কাঁচাবাজারে আগুন দেন। পরদিন একটি কলোনির ৫০টি ঘর পুড়িয়ে দেন তাঁরা। স্ট্যান্ডার্ড পোশাক কারখানায় তাণ্ডব ও আগুনের ঘটনায় ওই চক্রেরই হাত আছে।
গত শুক্র ও শনিবার কারখানা এলাকার আশপাশের মানুষ, শ্রমিক ও মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। তাঁদের মতে, কারখানার পেছনে কুদ্দুসনগর স্কুলের মাঠে (বালুর মাঠ) বৈঠক করে হামলার পরিকল্পনা করেন সোয়েটারের শ্রমিকেরা। মসজিদের মাইকে শ্রমিক নিহতের গুজব ছড়ানো হয়। শেষে তাঁরাই এলাকাবাসীকে উসকে দিয়ে কারখানায় নারকীয় তাণ্ডব চালান। তারাই ফায়ার সার্ভিসের কর্মীদের আসতে বাধা দেন। রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘শুনেছি বহিরাগত কিছু শ্রমিক প্রায়ই বালুর মাঠে মিটিং করতেন। তাঁদের মধ্যে কয়েকজন শ্রমিক নেতাও আছেন। কাঁচাবাজার পোড়ানোর মতো স্ট্যান্ডার্ড কারখানার তাণ্ডবের পেছনে তাঁদের হাত আছে।’
স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, ‘আশপাশের সোয়েটার কারখানার শ্রমিকেরা অনেক দিন ধরেই মজুরি নিয়ে উত্তেজিত ছিল। তাঁরা আমাদের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে নিতে অনেক প্রচেষ্টা চালায়। ফলে ঘটনার সঙ্গে স্ট্যান্ডার্ডের কিছু শ্রমিক থাকা অস্বাভাবিক নয়।’
মোশারফ হোসেন আরও বলেন, ভবনের প্রত্যেক তলায় গুরুত্বপূর্ণ স্থানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়, যা অপরিচিত কেউ জানার কথা না। বেশ কিছু সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া কারখানার মেডিকেল সেন্টারে তিনটি ড্রয়ার ভেঙে টাকা নিয়ে গেছে হামলাকারীরা। টাকা না থাকা অন্যগুলো ভাঙেনি। তার মানে জানাশোনা লোকজনই ঘটনার সঙ্গে জড়িত ছিল।
১৯ ও ২০ নভেম্বরের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। তবে এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ ছাড়া স্ট্যান্ডার্ড কারখানায় স্থায়ীভাবে শিল্প পুলিশের ২৬ সদস্য স্থায়ীভাবে থাকতেন। তাঁরাও কোনো হামলাকারীকে আটক বা চিহ্নিত করতে পারেননি।
এদিকে স্ট্যান্ডার্ডের আগুন পুরোপুরি নেভার আগেই এক কিলোমিটার দূরের মণ্ডল গ্রুপের কটন ক্লাব (বিডি) লিমিটেডে আগুন লাগে। গতকাল শনিবার দুপুরে কারখানা ভবনের আটতলায় আগুন লাগার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ শ্রমিক আহত হন। তবে কারখানা কর্তৃপক্ষ দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পরে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
স্ট্যান্ডার্ড গ্রুপের সংবাদ সম্মেলন: বিজিএমইএ কার্যালয়ে গতকাল বেলা আড়াইটায় সংবাদ সম্মেলন করে স্ট্যান্ডার্ড গ্রুপ। এতে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও শফিউল ইসলাম মহিউদ্দিনসহ আরও অনেকে।
মোশারফ হোসেন বলেন, ‘এক দিনে আমার এক হাজার ২০০ কোটি টাকার সম্পদ পুড়ে শেষ। পুরো কারখানা পুড়ে যাওয়ায় আমি এখন দেউলিয়া। যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিচার না হলে আমি শান্তি পাব না...।’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন।
পরে মোশারফ হোসেন যে লিখিত বক্তব্যটি নিয়ে এসেছিলেন তা পাঠ করেন সভাপতি আতিকুল ইসলাম। গ্রুপের লিখিত বক্তব্যে বলা হয়, দুইটি ভবনে সাড়ে আট লাখ বর্গফুট স্থাপনা, মূলধনি যন্ত্রপাতি, তৈরি পোশাক, ফেব্রিক্স, কাঁচামাল, গাড়ি, কার্ভাড ভ্যানসহ আনুমানিক এক হাজার ২০০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। স্ট্যান্ডার্ড গ্রুপ প্রতিবছর গড়ে ৩০ কোটি ডলারের পোশাক রপ্তানি করে। বিজিএমইএর সভাপতি সরকারের কাছে পোশাকশিল্পের নিরাপত্তা চেয়ে বলেন, ‘এই শিল্পকে নিয়ে যারা চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি প্রয়োজন মনে করেন, সংসদে নতুন আইন প্রণয়ন করে অর্থনীতি ধ্বংসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। যাতে করে আর কেউ শিল্পকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’
অনির্দিষ্টকালের জন্য বন্ধ: কর্তৃপক্ষ গতকাল অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে প্রধান ফটকে একটি নোটিশ টাঙিয়ে দেয়। শ্রমিকদের নভেম্বর মাসের বেতন কবে দেওয়া হবে জানতে চাইলে মোশারফ হোসেন বলেন, ‘আমি তো পুরোই নিঃস্ব হয়ে গেছি। জানি না, কীভাবে শ্রমিকদের পাওনা পরিশোধ করব।’
গতকাল সকালেও কারখানার ওপর তলার দুইটি তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। দমকল বাহিনীর দুটি ইউনিট পানি দিয়ে দুপুরের পর তা পুরোপুরি নেভাতে সক্ষম হন।
এদিকে, গতকাল সারা দিনই কারখানার শ্রমিকেরা পুড়ে যাওয়া কারখানাটি একনজর দেখতে ভিড় করেন। কারখানার ফটকে স্ট্যান্ডার্ডের শ্রমিক নূরজাহান, সাইফুল ইসলাম, মমিরন নেছা ও মাজেদা বেগমের সঙ্গে কথা হয়। প্রত্যেকেই এ ঘটনার বিচার দাবি করেন।
সুইং অপারেটর নূরজাহান বললেন, ১৬-১৭ বছর ধরে একটানা কাজ করছি। সন্তানের মতোই আপন হয়ে গেছিল কারখানাটি। এখন কর্মস্থান বন্ধ হয়ে গেল। কী করে সংসার চালাব। যারা আগুন দিয়েছে, আমরা তাদের বিচার চাই।
মামলার প্রস্তুতি চলছে: কারখানা কর্তৃপক্ষ মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
জয়দেবপুর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান, ‘অভিযোগ পেলেই গ্রহণ করা হবে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে।’
শুক্রবার এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসন সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। এ বিষয়ে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহসিন জানান, তদন্তের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।