স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যারা তাণ্ডব চালিয়ে ভাঙচুর ও জ্বালাও-পোড়াও করেছে, তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। গতকাল শুক্রবার বাঁশখালীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে প্রথমে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন এবং পরে শীলপাড়ায় যান। পরে ক্ষতিগ্রস্ত উপজেলা পরিষদ ভবন ও বাঁশখালী আদালত পরিদর্শন করেন মন্ত্রী।২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের তাণ্ডবে বাঁশখালীর সংখ্যালঘু পাড়া লন্ডভন্ড হয়। নিহত হন একজন বৃদ্ধ।পরিদর্শনকালে মহীউদ্দীন খান আলমগীর বলেন, একটি রায়কে ঘিরে যারা সরকারি অফিস-আদালত, সংখ্যালঘুর বাড়িঘর ও মন্দিরে আগুন দিয়েছে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। রাষ্ট্রের সর্বশক্তি দিয়ে তাদের মোকাবিলা করা হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায়ও এ বিষয়ে বক্তব্য দেন মন্ত্রী। মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়ার সহিংসতা সৃষ্টিকারীরা চিহ্নিত হয়েছে। তাদের বিচারের আওতায় আনা হচ্ছে।জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল ও সাবেক সাংসদ সুলতান উল কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক নওশের আলী খান, নারী সাংসদ হাসিনা মান্নান, আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম ও আবদুল্লাহ কবির লিটন।এর আগে মন্ত্রী ক্ষতিগ্রস্ত আদালত ভবন ও সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘মহানবী (সা.)-এর বাণীকে অবহেলা করে যারা বাঁশখালীসহ বিভিন্ন স্থানে ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে, তাদের দমন করে সরকার প্রমাণ করবে, বাংলাদেশ তার সংবিধান ও আইন অনুযায়ী চলবে।’