চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কারাগারে আটক চার তরুণের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাত হোসেন ভূঁইয়ার আদালতে আসামিদের জামিন আবেদন করা হয়।
জামিন পাওয়া চার তরুণ হলেন অজয় দত্ত, পিয়াল শর্মা, নয়ন সরকার ও অনুভব মজুমদার। এর আগে গত শনিবার রাতে ওই তরুণদের অভিভাবকেরা প্রেসক্লাবে এসে ক্ষমাপ্রার্থনা করেন।
গতকাল আদালতে চার তরুণের পক্ষে জামিন আবেদনের শুনানিতে তাঁদের আইনজীবী চন্দন দাশ আদালতের উদ্দেশে বলেন, আসামিদের অভিভাবকেরা সেদিনের (৬ ডিসেম্বর) ঘটনার জন্য প্রেসক্লাবের নেতাদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন। যে ভুল-বোঝাবুঝি হয়েছিল, তার অবসান হয়েছে। এখানে মামলার বাদীও উপস্থিত আছেন। বাদীর নিজেরও জামিনে কোনো আপত্তি নেই। এ সময় আদালত বাদী রমেন দাশগুপ্তর কাছে জামিনে আপত্তি আছে কি না, জানতে চাইলে তিনি আপত্তি নেই বলে জানান।
শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতাদের সঙ্গে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সমঝোতা বৈঠক হয়। সেই বৈঠকে ওই চার তরুণের মা-বাবাও উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ৬ ডিসেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাংবাদিক সমাজের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি দেন। তিনি সেখানে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান। এরপর শনিবার রাতে সাংবাদিক নেতারা সমঝোতা বৈঠক আহ্বান করেন বলে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ জানান।
শনিবারের বৈঠকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহসভাপতি শহীদ উল আলম সভাপতিত্ব করেন। সভার শুরুতে আটক চার তরুণের অভিভাবকেরা সন্তানদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ইব্রাহীম হোসেন চৌধুরী, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের নেতা দেবাশীষ পালিত, চন্দন তালুকদার, কাজল কান্তি দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা পরিমল কান্তি চৌধুরী, নিতাই প্রসাদ ঘোষ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমদ ও এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবুল মনসুর, সিইউজের জ্যেষ্ঠ সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজের (একাংশ) যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, মামলার বাদী চৌধুরী ফরিদ, রমেন দাশগুপ্ত প্রমুখ। সাংবাদিক অঞ্জন কুমার সেন সভায় সঞ্চালক ছিলেন।
৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সনাতন সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একপর্যায়ে মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন যুবক সাংবাদিকদের ওপর এবং প্রেসক্লাবে হামলা চালান।