
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বেশির ভাগ কর্মসূচি থেকে সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ দাবি করা হয়।
গতকাল শুক্রবার বিভিন্ন সংগঠনের কর্মসূচি থেকে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছেন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনার পাশাপাশি তাঁর পদত্যাগ চাওয়া হচ্ছে।
ছায়েদুল হক গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রশাসনকে সঙ্গে নিয়ে সামাল না দিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। পদত্যাগ দাবি করা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা ও পদত্যাগ চাওয়া হচ্ছে।
গতকাল সংখ্যালঘুদের কয়েকটি সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন পৃথক কর্মসূচি পালন করে। রাজধানীর শাহবাগে সমাবেশ ও মশাল মিছিল করেন লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। তাঁরা প্রশাসনের নীরবতা এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর কঠোর সমালোচনা করেন।

সমাবেশে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, নারীনেত্রী খুশী কবির, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট ‘রুখে দাঁড়াও সাম্প্রদায়িক হায়েনা’ শীর্ষক সমাবেশের আয়োজন করে। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, প্রকাশক মফিদুল হক, জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ বক্তব্য দেন।
হিন্দু সম্প্রদায়ের মন্দির-ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিভিন্ন সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এসব কর্মসূচি থেকে হামলাকারীদের শাস্তি ও মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবি জানানো হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনসহ এক ডজনেরও বেশি সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা নিমচন্দ্র ভৌমিক এ অবস্থা মোকাবিলার জন্য সব গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একসঙ্গে রাজপথে নামার আহ্বান জানান।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন হওয়ার খবর পাঠিয়েছেন।
বিক্ষোভের মুখে হানিফ: হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন। ওই এলাকা পার হওয়ার সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিক্ষোভের মুখে পড়েন। কেউ কেউ তাঁর গাড়িতে আঘাত করেন।
এ ব্যাপারে মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে শাহবাগে কিছু ছাত্র আমার গাড়ি রোধ করে। আমি নেমে সংহতি জানিয়ে বক্তব্য দিই।’