রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছে শিবির। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি দেওয়া হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল রোববার ও আগামী সোমবার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও অন্য ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়, মঙ্গলবার বিক্ষোভ এবং বুধবার হামলায় জড়িত ‘সন্ত্রাসীদের’ গ্রেপ্তারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি। এর পরও হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাসেল আলমের ওপর হামলাকারীদের সুস্পষ্টভাবে চিহ্নিত করা গেলেও বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়নি।’
১৬ জুন শিবির নেতা রাসেল আলমকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের ভেতর ডেকে নিয়ে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।