বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শৈলেন্দ্রনাথ বিশ্বাসের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে প্রশাসনকে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখা গতকাল বুধবার এক সভায় এ ঘোষণা দেয়। এ ছাড়া দাবি আদায় না হলে সংগঠন দুটি সদর হাসপাতালসহ জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়। বাগেরহাট সদর হাসপাতালে অনুষ্ঠিত ওই সভায় সিভিল সার্জন স্বপন কুমার তপাদার সভাপতিত্ব করেন। শৈলেন্দ্রনাথ বলেন, ‘গত ২৮ জুন উপজেলার আট্টাকি গ্রামের অসুস্থ আলম চৌধুরীর চিকিৎসার জন্য তাঁর স্বজনেরা আমাকে ডাকতে সরকারি বাসভবনে যান। আমি বলি, রোগীকে হাসপাতালে দেখব। স্বজনেরা রোগীকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা গাজী রফিকুল ইসলাম অনুপস্থিত ছিলেন। রোগীর স্বজনেরা চিকিৎসক না পেয়ে আমি হাসপাতালে আসা মাত্র আমাকে মারধর করেন। এ ঘটনায় ওই দিন রাতেই আলম চৌধুরীর ভাই জন চৌধুরী ও জন চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরীর বিরুদ্ধে থানায় মামলা করি।’সভায় আরও বক্তৃতা দেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ বাহারুল আলম, বিএমএ বাগেরহাট জেলা কমিটির সহসভাপতি নাজমুন নেছা, সাধারণ সম্পাদক আবদুল মতিন আকন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার সুহাস হালদার, অবেদনবিদ আনোয়ার সাদাত প্রমুখ।সভায় চিকিৎসা কর্মকর্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলায় চিকিৎসা কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সিভিল সার্জনসহ চিকিৎসক নেতারা ভূমিকা রাখতে না পারায় এসব ঘটনার বিচার হয়নি। আবদুল মতিন আকন বলেন, আসামি গ্রেপ্তারে তিন দিনের সময়সীমা চলাকালে চিকিৎসকেরা কালো ব্যাজ ধারণ করবেন। এই সময়ের মধ্যে পুলিশ আসামি গ্রেপ্তারে ব্যর্থ হলে চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হলেও জরুরি বিভাগ খোলা থাকবে। চিকিৎসককে মারধর করার বিষয়ে জানতে চাওয়া হলে জন চৌধুরী এই প্রতিবেদককে বলেন, তিনি বা তাঁর ছেলে জুয়েল চিকিৎসক শৈলেন্দ্রনাথকে মারধর করেননি। তবে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে হূদেরাগ আক্রান্ত আলম চৌধুরীকে নিয়ে হাসপাতালে অপেক্ষা করে কোনো সেবা না পাওয়ায় তিনি ক্ষুুব্ধ হয়ে শৈলেন্দ্রনাথকে গালাগাল করেছিলেন।