গাজীপুরের শ্রীপুরে তিতাস গ্যাসের সম্প্রসারণ প্রকল্পের জমি অধিগ্রহণের সময় হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মচারীরা। তা না হলে তাঁরা কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির গাজীপুর শাখা আয়োজিত এ সভায় বক্তারা বলেন, দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে ১২ জানুয়ারি দুই ঘণ্টা কর্মবিরতি, ১৩ ও ১৪ জানুয়ারি তিন ঘণ্টা কর্মবিরতি এবং ১৫ জানুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।
জেলা প্রশাসনের কর্মচারীরা সভায় জানান, গ্যাসলাইন সম্প্রসারণের জন্য মানচিত্র তৈরি করা হয়েছে। ওই মানচিত্রে কোনো ঘরবাড়ি ছিল না। কিন্তু গ্যাসলাইন সম্প্রসারণের খবর পেয়ে একটি মহল মানচিত্র অনুযায়ী বাড়িঘর নির্মাণ শুরু করে। গত মঙ্গলবার শ্রীপুরের সোনাকর এলাকায় জমি অধিগ্রহণের কাজ করার সময় জেলা প্রশাসনের প্রতিনিধি কনুনগো সাইফুল ইসলাম, জরিপকারী আবদুল জলিল, এমদাদুল হক, বেলাল হোসেন, চেইনম্যান নূরুল ইসলাম খানসহ কয়েকজনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক ব্যাপারী।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির গাজীপুর শাখার সভাপতি শরিফুল ইসলাম।