হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্য খায়রুন নেছার ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। বাংলাদেশ এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশন দিনাজপুর ইউনিটের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই মানববন্ধন হয়। এতে এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশন দিনাজপুর ইউনিটের সদস্যরা ছাড়াও খায়রুন নেছার দিনাজপুর উপশহর এলাকার লোকজন, দিনাজপুর সরকারি কলেজ, আদর্শ কলেজ, কেবিএম কলেজ ও দিনাজপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব মাহাবুব আলম, দিনাজপুর মহিলা কলেজের শিক্ষিকা শাহিনা আক্তার, নারী নির্যাতন প্রতিরোধ সেলের নেত্রী ক্রিস্টিনা লাভলী দাস, এক্স-ক্যাডেটস দিনাজপুর ইউনিটের সহসভাপতি ক্যাপ্টেন রবিউল হাসান, আরিফুল আলম প্রমুখ।

কয়েকজন দুর্বৃত্ত গত সোমবার লাঠিসোঁটা, রামদা নিয়ে খায়রুন নেছার বাসায় ঢুকে তাঁকে বেদম মারধর করে। এই ঘটনায় গত মঙ্গলবার খায়রুনের বাবা মামলা করেন।