হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জাতীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা দাবি করেছেন, পুলিশের প্রত্যক্ষ মদদে সুনামগঞ্জের ধরমপাশার সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের গুণ্ডারা হামলা চালিয়েছে। অবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কমিটির প্রতিবাদ সমাবেশে নেতারা এ দাবি জানান। গত শনিবার সুনামগঞ্জের ধরমপাশায় জাতীয় কমিটির পূর্বনির্ধারিত সমাবেশে হামলা ও ১৪৪ ধারা জারির নিন্দা জানিয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বলেন, প্রস্তাবনা অনুযায়ী সুনেত্র থেকে গ্যাস তুলতে ২০১০ সাল থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত কাজ শেষ করতে ব্যয় হবে মাত্র ২৭৯ কোটি টাকা। একই কাজ সিলেটের বিবিয়ানায় করতে গিয়ে বিদেশি সংস্থা শেভরন ব্যয় দেখিয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। বাপেক্সের প্রকল্প পুঁজির অভাবের অজুহাত দেখিয়ে ওই ব্যয় অনুমোদন করা হয়নি। নেতারা বলেন, বিদেশি কোম্পানিকে গ্যাস উত্তোলনের কাজ দেওয়ার চক্রান্ত জনগণ মানবে না। জাতীয় সংস্থার মাধ্যমে সুনেত্র গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু করতে হবে। এ ছাড়া দেশের গ্যাসক্ষেত্রগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার ভয়ংকর জাল পিএসসি-২০১১ বাতিল করতে হবে। সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ, জোনায়েদ সাকি, মোশরেফা মিশু, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।