
নোয়াখালীতে গুলিতে ছাত্রলীগের দুই নেতা-কর্মীসহ তিনজন নিহত হওয়ার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটা থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে তাঁরা বিকেল চারটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজিত ইমন। সাধারণ সম্পাদক ফজলুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন, সামছুদ্দিন জেহান ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ।
গত সোমবার রাতে নোয়াখালী সরকারি কলেজের পুরোনো ক্যাম্পাস-সংলগ্ন বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে গুলিতে নিহত হন ফজলে রাব্বি। এ ঘটনায় গুরুতর আহত হন জেলা ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম ও ছাত্রলীগের কর্মী মো. ইয়াছিন। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।