হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় প্রধান শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা মানববন্ধনে অংশ নেন।
বিদ্যালয়ের সামনের রাস্তায় দুপুর পৌনে ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়। শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন মুন্সি বলেন, ‘প্রধান শিক্ষকের ওপর হামলার এক দিন পরও আসামি গ্রেপ্তার না হওয়ায় আমরা ক্ষুব্ধ। শিগগিরই আসামি গ্রেপ্তার করা না হলে বড় ধরনের আন্দোলনে যাব।’
তালোড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম গত মঙ্গলবার তাঁর বাড়ির কাছে প্রতিপক্ষের হামলার শিকার হন। হামলাকারীরা তাঁর মাথা ফাটিয়ে দেয়। তিনি দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে দুজনকে আসামি করে মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন।