সিলেট নগরের সোবহানীঘাট এলাকায় জালালাবাদ কলেজের সামনে ছাত্রলীগের দুই কর্মীকে কোপানোর ঘটনায় জড়িত ‘ছাত্রশিবিরের সন্ত্রাসী’দের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা’ ব্যানারে এই মানববন্ধন চলাকালে সমাবেশও হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফজাল হোসেনের সভাপতিত্বে এবং কিশোর জাহানের সঞ্চালনায় সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদুর রহমান, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত, কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক, নগরের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সদস্য এহিয়া আহমদ ও ইমরান চৌধুরী বক্তব্য দেন।
জালালাবাদ কলেজের সামনে ৭ আগস্ট ছাত্রলীগের দুই কর্মী আহমদ শাহিন ও আবুল কালাম আসিফকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে হেলমেট পরা একদল দুর্বৃত্ত। শাহিন বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) চিকিৎসাধীন। তাঁর ডান হাত কেটে ফেলা হয়েছে। কালাম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুজনই জালালবাদ কলেজের প্রাক্তন ছাত্র। শাহিন মদনমোহন কলেজ ও কালাম মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিবিএতে ভর্তি–ইচ্ছুক।
হামলাকারী দুর্বৃত্তরা ছাত্রশিবিরের এবং কলেজের জামায়াত-শিবিরপন্থী শিক্ষক ও ছাত্ররা হামলায় জড়িত বলে ৯ আগস্ট মহানগর ছাত্রলীগ সংবাদ সম্মেলনে অভিযোগ করে। এ ঘটনায় কলেজের দুজন শিক্ষকসহ সাতজনকে আসামি করে দায়ের করা মামলায়ও একই অভিযোগ করা হয়। তবে কলেজ কর্তৃপক্ষ ১১ আগস্ট সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনায় কলেজের কোনো ছাত্র ও শিক্ষক জড়িত নন বলে দাবি করে।