প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধিসহ চার সাংবাদিকের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল শনিবার মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।গতকাল দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন বন্ধুসভার সদস্যরা। মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরতাজ আলম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা বিমল রায় ও সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বন্ধুসভার উপদেষ্টা বিমল রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানিকগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহসভাপতি চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম।প্রসঙ্গত, গত বুধবার স্থানীয় গ্রাম্য সালিসে এক স্কুলছাত্রীকে ১০১টি দোররা মারা হয়। এ-সংক্রান্ত খবর সংগ্রহ করতে গেলে প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমিনসহ চার সাংবাদিকের ওপর হামলা চালায় স্থানীয় প্রভাবশালীরা।মানববন্ধনে বক্তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।