লক্ষ্মীপুরের রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে স্মারকলিপি দিয়েছে পৌরসভার তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত রোববার দুর্বৃত্তদের হামলায় এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের চার শিক্ষকসহ ১৩ জন আহত হন।
স্থানীয় লোকজন জানান, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রায়পুর মার্চেন্টস একাডেমি, রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে নিজ নিজ বিদ্যালয়ে জড়ো হতে থাকে। পরে এক হাজারেরও বেশি শিক্ষার্থী দুপুর ১২টার দিকে ইউএনও কার্যালয়ে যায়। এরপর তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইউএনওর বরাবরে সঞ্চারকলিপি দেয়। ইউএনও দুলাল চন্দ্র সূত্রধর বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা দুঃখজনক। এ ঘটনায় শিক্ষার্থীদের সঞ্চারকলিপি পেয়েছি।’