হামলাকারীদের চিহ্নিত করার দাবি পিএসসি সদস্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকমিশনের (পিএসসি) এমরান কবির চৌধুরী তাঁর বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে যথাযথ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার লিখিত একটি বিবৃতিতে তিনি এই দাবি জানান। এমরান কবির দাবি করেন, ৩ তারিখ রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে কয়েকজন সন্ত্রাসী তাঁর বাসবভনে উপস্থিত হয়ে দরজায় লাথি মারে ও গালিগালাজ করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে চায়। এদের চিহ্নিত করে যথাযথ শাস্তি নিশ্চিত করা এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তিনি আইনপ্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দিয়েছেন। এমরান কবির বলেন, ওই সন্ত্রাসীরা আর্থিক লেনদেনের যে অভিযোগ সাংবাদিকদের কাছে করেছে, সেটি একেবারেই নৈতিকতা-বিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত। এমরান কবির বলেন, ‘বিসিএস পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব। প্রাথমিক, লিখিত ও মৌখিক—সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই বিধিবিধান মেনেই ৩০তম বিসিএসের ফল চূড়ান্ত করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয় কোনোভাবেই বিবেচনার সুযোগ নেই। এ ক্ষেত্রে মেধাই একমাত্র মাপকাঠি। বিবৃতিতে বলা হয়, অতীতের নানা অনিয়মের অবসান ঘটিয়ে বর্তমান কমিশন কলুষমুক্ত পরিবেশে ২৮, ২৯, ৩০, ৩১তম বিসিএস পরীক্ষা নিয়েছে। ৩০তম বিসিএসে আর্থিক লেনদেনের যে অভিযোগ করা হয়েছে, তা নৈতিকতা-বিবর্জিত ও কল্পনাপ্রসূত। বিবৃতিতে বলা হয়, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও পদের স্বল্পতার কারণে এবার প্রায় সাড়ে তিন হাজার প্রার্থীকে ক্যাডার পদে সুপারিশ করতে পারেনি পিএসসি। এসব প্রার্থী সরকারের সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী পরবর্তী সময়ে নন ক্যাডার প্রথম শ্রেণীর পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন।