খুলনায় কম্পিউটার ব্যবসায়ী নাজমুল আহসানের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখা এবং খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি। গতকাল বৃহস্পতিবার এ দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে সংগঠন দুটি।
বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখার চেয়ারম্যান সৈয়দ মো. মোকসুদুল ইসলাম। তিনি বলেন, প্রাতর্ভ্রমণে বের হয়ে নাজমুল গুলিবিদ্ধ হয়েছেন এটা সত্যি দুঃখজনক। যত দূর জানি নাজমুলের কোনো শত্রু নেই। কিন্তু তাঁর ওপর এ ধরনের হামলা এটা প্রমাণ করে, ব্যবসায়ীরাও এখন বাইরে নিরাপদে নেই।
তিনি আরও বলেন, ১৯ ফেব্রুয়ারি থেকে খুলনায় পাঁচ দিনব্যাপী ‘বিসিএস ডিজিটাল এক্সপো-২০১৭’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই মেলার অন্যতম রূপকার ছিলেন নাজমুল আহসান। মেলার প্রাক্কালে তাঁর ওপর এ ধরনের হামলা আমাদের হতাশ করেছে।
গত বুধবার সকাল সাতটার দিকে প্রাতর্ভ্রমণে বের হলে নাজমুল আহসানকে গুলি করে দুর্বৃত্তরা। নগরের টুটপাড়া কবরখানা এলাকায় ওই ঘটনা ঘটে। নগরের জলিল সুপার মার্কেটে তাঁর ‘চিপস অ্যান্ড বাইটস’ নামে একটি কম্পিউটারের দোকান রয়েছে। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত মামলা হয়নি।