হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী নারী নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
গত শনিবার রাতে গ্রেপ্তার হওয়া কারেন্ট বাবুকে নিয়ে পরদিন থেকে অভিযানে নামে পুলিশ। কিন্তু ওই দিন আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা। গতকাল সোমবার সকালে কারেন্ট বাবুকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শনিবার রাত থেকেই অভিযান অব্যাহত আছে। রোববার দুপুরে বাবুকে নিয়ে অভিযানে নামা হয়। আজ সকালে তাঁকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। আর আসামিদের ধরতে এখনো অভিযান অব্যাহত।
এদিকে ওই ঘটনায় দ্রুত সন্ত্রাসীদের ধরে বিচারের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ কমিশনারের কাছে আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ মিজানুর রহমান মিজান। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝির সঙ্গে সাক্ষাৎ করে এ আহ্বান জানান।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট বলে জানিয়েছেন নিবাস চন্দ্র মাঝি। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, মাহমুদের ওপর হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।