হামলাকারীদের নিশ্চয়তা দিয়েছিলেন বাবর-তারেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলায় অংশগ্রহণকারীদের হামলার সময় প্রশাসনিক সাহায্য ও নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। এ নিয়ে হাওয়া ভবনে এক বৈঠক করেন তাঁরা।

আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেওয়ার সময় এসব কথা বলেন মেজর (অব.) আতিকুর রহমান। সাক্ষ্য গ্রহণ করেন বিচারক শাহেদ নূর উদ্দীন। ২৬ ও ২৭ আগস্ট তাঁকে জেরা করার তারিখ ধার্য করা হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত ও শতাধিক নেতা-কর্মী আহত হন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ-সংক্রান্ত দুটি মামলায় সাবেক উপমন্ত্রী পিন্টু ও জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ আরও ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।

আজ আদালতে সাক্ষ্য দেওয়ার সময় আতিকুর রহমান জানান, তিনি ২০০৪-০৯ পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তরে ইন্টেলিজেন্স উইংয়ের উপপরিচালক (ইন্টারোগেশন) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর পরিচালক ছিলেন বিডিয়ার বিদ্রোহের ঘটনায় নিহত কর্নেল গুলজার উদ্দিন আহমেদ। দায়িত্ব পালনকালে জঙ্গি দমনের পাশাপাশি শীর্ষ সন্ত্রাসী, নিষিদ্ধঘোষিত বামপন্থী ও চরমপন্থীদের দমনে চেষ্টা চালানো হয়। ২০০৫ সালের ১ অক্টোবর জঙ্গি নেতা মুফতি হান্নানের ছোট ভাই অভিকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই ঢাকার মেরুল বাড্ডা থেকে মুফতি হান্নানকে গ্রেপ্তার করা হয়। মুফতি হান্নানের গ্রেপ্তারের বিষয়টি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে জানানো হলে তিনি সন্তুষ্ট হননি।

২০০৬ সালে ডিজিএফআই শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল এবং মিজান নামের দুজন সদস্যকে আটক করে। সিলেটে হজরত শাহজালাল (রা.)-এর মাজারে ব্রিটিশ হাইকমিশনারের ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে তাঁদের আটক করা হয়। টিএফআই সেলে  তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁরা স্বীকার করেন ব্রিটিশ হাইকমিশনার, সিলেটের মেয়র বদরউদ্দিন কামরান, আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেছা হক, সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্ত ও হবিগঞ্চে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ওপর তাঁরা হামলা চালিয়েছেন। এসব গ্রেনেড হামলায় মুফতি হানান্ন ও তাঁর ভাই অভি, জঙ্গি নেতা আহসানউল্লাহ কাজল ও আবু জান্দাল দুই দফায় নয়টি গ্রেনেড সরবরাহ করেন। হামলায় ব্যবহূত সব গ্রেডেন বিএনপির তত্কালীন শিক্ষাবিষয়ক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সরবরাহ করেন।

গুলজার আতিকুর রহমানকে জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে মুফতি হান্নান একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকালে তাঁরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং হামলার সময় হামলাকারীদের প্রশসানিক সাহায্য ও  নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দিয়েছেন।

মাওলানা তাজউদ্দিন কাশ্মীরভিত্তিক জঙ্গি সংগঠন হরকাতুল মুজাহিদিনের একজন নেতা এবং বাংলাদেশে এই দলের সমন্বয়কারী ছিলেন। কাশ্মীরে জঙ্গিদের জন্য পাকিস্তান থেকে গ্রেনেড ও গোলাবারুদ তাজউদ্দিনের কাছে পাঠানো হতো। তাজউদ্দিন ভারতের সীমান্ত দিয়ে তা কাশ্মীর পাঠাতেন। ওই গ্রেনেডগুলো থেকে এসব হামলার গ্রেনেডগুলো সরবরাহ করা হয়।