হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলায় তিন মাসেও পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়নি। এ সুযোগে হামলাকারীরা উত্তরা পশ্চিম থানার কয়েকজন পুলিশের সহায়তায় মামলার বাদী শামীম আহমেদ চৌধুরীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২৩ জুলাই উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসিন্দা শামীম আহমেদ চৌধুরীকে মারধর ও তাঁর বাসা থেকে টাকা, স্বর্ণালংকার, মালামালসহ মূল্যবান কাগজপত্র লুটপাট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি ওই দিন বাড়ির তত্ত্বাবধানকারী আবুল হোসেন, আবদুল মজিদ ও মনিরকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নালিশি মামলা করেন।
আদালত সূত্র জানায়, আদালত উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গতকাল পর্যন্ত পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেননি।
জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি খন্দকার রেজাউল হাসান পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, শামীমকে সাক্ষ্য দিতে বলা হলেও তিনি আসছেন না। কিছুদিন ধরে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে আদালতে প্রতিবেদন দাখিল করতে পারছে না পুলিশ। বাড়ির মালিক কল্যাণ সমিতি শামীমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে বলেও জানান ওসি।
তবে শামীম আহমেদ জানান, উত্তরার ৯ নম্বর সেক্টরে তিনি ছয়টি ফ্ল্যাট ভাড়া নিয়ে ছাত্রীনিবাস পরিচালনা করছিলেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাড়ির তত্ত্বাবধানকারী আবুল হোসেন ফ্ল্যাটগুলো ছেড়ে দেওয়ার হুমকি দেন। ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি ভবনটির একটি ফ্ল্যাটে সপরিবারে ভাড়া থাকতেন। তিনি ফ্ল্যাট ছেড়ে না দেওয়ায় ২৩ জুলাই দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাঁকে মারধর করে। বাসার মালামাল লুট করে নেয়। তাঁদের বাসা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় তিনি মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন। আদালত উত্তরা পশ্চিম থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।
শামীম অভিযোগ করেন, উত্তরা পশ্চিম থানার ওসি, পরিদর্শকের (তদন্ত) পক্ষে একজন উপপরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) তাঁকে থানায় ধরে নিয়ে ভয় দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেন। এ সময় হামলাকারীরা থানায় উপস্থিত ছিল। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র ও মাদক মামলায় তাঁকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। উত্তরা পশ্চিম থানা পুলিশের হয়রানির ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনারের কাছে লিখিত আবেদন করেও প্রতিকার পাননি বলে জানান।
শামীমের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা ছাত্রীনিবাসের মূল্যাবান কিছু মালপত্র আটকে রেখেছে এবং বেশির ভাগ মালামাল লুটপাট করে নিয়ে গেছে।