ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালামের গাড়িতে হামলাকারীদের বিচার চেয়েছেন বর্তমান সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান।
গতকাল শুক্রবার নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা মহল্লায় আয়োজিত সুইড বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থার কার্যক্রম উদ্বোধনকালে আনোয়ারুল আবেদিন এ দাবি করেন। এ সময় সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, নান্দাইলের মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠানে সাংসদ বলেন, সংসদের শীতকালীন অধিবেশনে তাঁর দেওয়া বক্তব্য প্রশংসিত হয়েছে। এ সময় কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নান্দাইলের একাধিক সহিংস ঘটনা সম্পর্কে অনেকেই তাঁর কাছে জানতে চান। এতে তিনি বিব্রত হয়েছেন।
সাংসদ বলেন, এ আসনের সাবেক সাংসদ আবদুস সালাম একজন বরেণ্য সেনা কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত। তাঁকে তিনি শ্রদ্ধা করেন। যারা তাঁর গাড়িতে হামলা করেছে, তাদের কঠোর বিচার হতেই হবে। এ বক্তব্য দেওয়ার সময় নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, মডেল থানার ওসি মো. আতাউর রহমান উপস্থিত ছিলেন।
২৩ জানুয়ারি নান্দাইলের চকমতি নতুনবাজারে আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। এ খবর পেয়ে গাড়ি ঘুরিয়ে নান্দাইল সদরে ফিরছিলেন আবদুস সালাম। নান্দাইল চৌরাস্তা আসার পর কিছু উচ্ছৃঙ্খল মানুষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁকে বহনকারী গাড়িতে হামলা চালায়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া ৫৮ জনকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় মামলা করেন।