খাগড়াছড়ির মাটিরাঙার তাইন্দংয়ে আদিবাসী গ্রামে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার চারটি সংগঠন খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে।
আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চারটি সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহাজনপাড়ায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এরপর মিছিলকারীরা রাস্তার ওপর সমাবেশ করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি উমেশ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শিখা চাকমা।
বক্তারা বলেন, তাইন্দং হামলার এক মাস অতিক্রান্ত হলেও সরকার এখনো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের কোনো উদ্যোগ নেয়নি। এমনকি পর্যাপ্ত ত্রাণ সহায়তাও দিচ্ছে না। ফলে ক্ষতিগ্রস্ত লোকজন এখনো খোলা আকাশের নিচে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।