হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে চারটি রাজনৈতিক দল ও সংগঠন।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফোরাম ও নাগরিক ঐক্য।

মানববন্ধন থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের মদদদাতাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বেসরকারীকরণের যে প্রক্রিয়া চলছে, তা বন্ধ করতে হবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের রাজনৈতিক অঙ্গনে ভয়াবহ অশনিসংকেত দেখতে পাচ্ছি। দুই জোটের (আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপির নেতৃত্বাধীন ১৯ দল) কাছে দেশ নিরাপদ নয়। আসুন, আমরা বিকল্প ঐক্য গড়ে তুলি।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের নির্বাহী সভাপতি মফিদুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ অ ম শফিকউল্লাহ, সিপিবির নেতা রুহিন হোসেন।