হামলাকারীদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ‘চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলাকারীদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ চাই। এই মুহূর্তে আমরা জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত। এ জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বুধবার দুপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি প্রশ্ন রাখেন, ‘নিরীহ শান্তিপ্রিয় মানুষকে খুন করে কী অর্জন করছেন? খুন করে ক্ষমতায় যাবেন? শেম শেম (লজ্জা)। একাত্তর সালের বাংলাদেশ আর ২০১৫ সালের বাংলাদেশ এক নয়।’
সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেন, ‘একটি লাশ পড়লে এর পরিবর্তে দুটো লাশ ফেলে দেওয়ার ক্ষমতা আমাদের (পুলিশের) আছে।’
বেলা ১১টায় চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে র‌্যাবের উদ্যোগে ওই মতবিনিময় সভা হয়।
গত সোমবার গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপে সাত যাত্রী নিহত ও ২৮ জন আহত হওয়ার ঘটনায় ওই মতবিনিময় সভা হয়। এ ঘটনায় দগ্ধ আরেকজন গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।
র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘গতকাল (পরশু মঙ্গলবার) সকাল ছিল চরম বিষণ্নতার সকাল। গতকাল বাংলাদেশের সকাল ছিল একটি নষ্ট সকাল। জঙ্গি, সন্ত্রাসী, খুনি ও হত্যাকারীরা সাতটি প্রাণকে খুন করেছে। এখন আমাদের হতাশ হওয়ার দিন নয়। হত্যাকারীদের রাষ্ট্রের শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই। সবাই একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে শান্তির মহাসড়ক করতে চাই। দেখি কোন মায়ের পুত এখানে এ ধরনের ঘৃণ্য কাজ করতে পারে। যাঁরা এ ধরনের কাজ করতে আসে, তাঁদেরকে সুইসাইডাল মিশন নিয়ে আসতে হবে। আমরা চৌদ্দগ্রামের ঘটনার দ্রুত বিচার করতে চাই।’
বেনজীর আহমেদ আরও বলেন, ‘গত ২৯ থেকে ৩০ দিনে দেশে এক লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ৫০০ বাসে আগুন, ৭০০ গাড়ি ভাঙচুর এবং ৫৭ জন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা আর নৃশংস খুনের জন্য বিশ্বের সংবাদপত্রের শিরোনাম হতে চাই না।’
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেন, ‘একটি লাশ পড়লে এর পরিবর্তে দুটো লাশ ফেলে দেওয়ার ক্ষমতা আমাদের (পুলিশের) আছে। আমরা প্রতিরোধ করলে আপনাদের পাকিস্তানে যাওয়ার ক্ষমতাও থাকবে না। আমরা কোনো রাজনৈতিক পরিচয়ে কাজ করি না। আমরা পেশাদার কর্মী। মানুষের নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ।’
মতবিনিময় সভায় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুস সোবহান বক্তব্য দেন।
পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, বিজিবির ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাকির হোসেন, হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং আনসার ও ভিডিপির পরিচালক হীরা মিয়া।
এর আগে সকালে ঢাকা থেকে পুলিশের একটি হেলিকপ্টার নিয়ে র‌্যাবের ডিজি চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন। মতবিনিময় সভার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন