হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সাংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ সংগ্রহের জন্য আসা সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
সাংবাদিকেরা সাংসদের আশ্বাসে আস্থা রেখে পূর্বঘোষিত টুর্নামেন্ট বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব ফারাজি আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ।
যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান গতকাল বলেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার তৎপরতায় আমরা সন্তুষ্ট। সাংসদের আশ্বাসে আস্থা রেখে আমরা টুর্নামেন্ট বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেছি।’
হামলার ঘটনায় গত শুক্রবার রাতেই চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলায় তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর শহর কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান ওরফে কাকনকে শুক্রবার রাতেই পুলিশ গ্রেপ্তার করে। এ ছাড়া গতকাল মামলার ২ নম্বর আসামি রেলগেট এলাকার বাবুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল জব্দ ও তাঁর মা জবা বেগমকে আটক করে।
গতকাল দুপুরে শহরের চিত্রা মোড়সংলগ্ন বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে চারটি জর্দার কৌটা, সাইকেলের একটি চেইন, রডের সাতটি টুকরা ও ১০টি লাঠি জব্দ করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শহরের চিত্রা মোড়ে শহর সৈনিক লীগের নেতা আবদুর রহমানের নেতৃত্বে চ্যানেল টোয়েন্টিফোরের গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তিনজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা তাৎক্ষণিক বিক্ষোভ করে বঙ্গবন্ধু গোল্ডকাপ বর্জনের কর্মসূচি ঘোষণা করেন।
বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আবদুর রহমান ওরফে কাকনকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত হবেন সংগঠনে তাদের ঠাঁই নেই।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন, সৈনিক লীগের কার্যালয়ে অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির বেশ কিছু উপকরণ জব্দ করা হয়েছে। আবদুর রহমান ওই অফিসে বসে সন্ত্রাসীদের নিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতেন। এ ছাড়া বাবুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে না পেয়ে তাঁর মাকে আটক করা হয়েছে।