হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষকদের
চট্টগ্রাম ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকদের ওপর হামলাকারী বহিরাগত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকেরা। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম। এ সময় উপাধ্যক্ষ মনসুরুল আমিন চৌধুরী, শিক্ষক খালেদা খানম, আবু তাহের, মেহেরুন্নেসা ও মোস্তফা মনসুর উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে কলেজ মিলনায়তনে শিক্ষকদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারে কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগত ব্যক্তিরা। এ সময় সেখানে শিক্ষকদের বৈঠক চলছিল।
গতকাল সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রোববার বহিরাগত ব্যক্তিরা কলেজের অধ্যক্ষকে টেনেহিঁচড়ে কলেজের বাইরে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ইটের আঘাতে রাশেদা বেগম ও দেলোয়ারা বেগম নামে দুই শিক্ষক আহত হন।