চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালকদের ওপর হামলা ও অপহরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এই প্রতিশ্রুতি দেওয়া হয়।রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এবং রেলওয়ে সংগ্রাম পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত ট্রেন চালকদের ওপর হামলা ও অপহরণের একটি ঘটনায়ও কোনো দোষী ব্যক্তির শনাক্ত ও বিচার না হওয়ায় সভায় শ্রমিক-কর্মচারী নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে কলা অনুষদের ডিন অধ্যাপক ইমরান হোসেন বলেন, ‘ছাত্র কর্তৃক রেল কর্মচারীদের ওপর হামলা ও রেল সম্পদের ক্ষতিসাধন অত্যন্ত দুঃখজনক। রেল কর্মচারীদের অভিযোগও ন্যায়সংগত। তবে চলমান রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে আমরা পেরে উঠতে পারছি না। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণে রাখতে চায়। অনেকে কলকাঠি নাড়ে।’উল্লেখ্য, ৫ আগস্ট শাটল ট্রেনের এক চালককে অপহরণ ও অন্য এক চালকের ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিন সকাল সাড়ে ১০টায় নগরের ষোলশহর স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের সহকারী চালক কামরুল হুদাকে অপহরণ করা হয়। প্রতিবাদে বিক্ষুব্ধ ট্রেন চালকেরা প্রায় সাড়ে চার ঘণ্টা শাটল ট্রেন চলাচল বন্ধ রাখেন। একই দিন রাতেই চট্টগ্রাম স্টেশনে ট্রেন চালক আবদুল মোমেনের ওপর হামলা চালানো হয়।রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান যান্ত্রিক প্রকৌশলী আখতারুজ্জামান হায়দার, প্রধান পরিচালন কর্মকর্তা বেলাল উদ্দিন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সুকুমার ভৌমিক ও রেলওয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান। রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি রফিক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।তাঁরা বলেন, ২০০০ সাল থেকে গত ১২ বছরে ১৩টি হামলা ও অপহরণের ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত একটি ঘটনারও বিচার হয়নি। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়কারী মোখলেছুর রহমান বলেন, ‘আগেও অনেকবার বৈঠক হয়েছে কিন্তু আমরা ন্যূনতম কোনো ফল পাইনি। বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোনো ভূমিকা পরিলক্ষিত হয়নি। নগর ও বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন ছাড়ার সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকতে হবে।’