পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, রামু, উখিয়া ও টেকনাফের বৌদ্ধমন্দির ও বসতিতে যারা বর্বরোচিত কায়দায় হামলা ও অগ্নিসংযোগ করেছে, তাদের রেহাই নেই। সহসা তাদের আইনের আওয়ায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের রামুর বিধ্বস্ত বৌদ্ধমন্দির পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হাসান মাহমুদ দুপুর সাড়ে ১২টায় রামুতে পৌঁছে যান প্রায় ৩০০ বছরের পুরোনো কেন্দ্রীয় সীমা বৌদ্ধবিহার মন্দিরে। গত ২৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে এই মন্দিরটি ধ্বংস করে। তিনি বিহারে বৌদ্ধভিক্ষুদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সীমা বিহারের অধ্যক্ষ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি সত্যপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ শাসনশ্রী মহাথের, ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ সুনন্দপ্রিয় ভিক্ষুসহ বৌদ্ধধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। হাসান মাহমুদ বলেন, রামুর ঘটনায় পুলিশের ব্যর্থতা নিয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের তদন্তকে সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষ হলে আসল সত্য উদঘাটিত হবে।