হামলাকারীদের শাস্তি দাবি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আড়াই বছর ধরে ছাত্রলীগের কোনো কমিটি নেই। সব ধরনের কার্যক্রমের ওপর কেন্দ্রীয় কমিটির নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় ছাত্রলীগ নামধারী বা ছাত্রলীগ লেবাসধারী কোনো সন্ত্রাসী কার্যকলাপ হলে তার দায়দায়িত্ব ছাত্রলীগ বহন করবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলাকারীরা দুষ্কৃতকারী, এরা কেউ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নয়। বিজ্ঞপ্তিতে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। সাদা দলের উদ্বেগ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের ২৫০ জন শিক্ষক। গতকাল সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নও এক বিজ্ঞপ্তিতে ওই ঘটনার নিন্দা ও হামলাকারীদের শাস্তি দাবি করেছে।