হামলাকারীদের শাস্তির দাবি
পাবনা ও লালমনিরহাট জেলায় সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাম্প্রদায়িকতাবিরোধী ছাত্র-শিক্ষক মঞ্চ। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তারা এ দাবি জানায়।
সমাবেশে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার বলেন, একাত্তরের পরাজিত শক্তিরাই বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করছে। কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের জনগণ। হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে।
বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক সৌমিত্র শেখর বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর ভেঙে তাদের যে মনোবল ভাঙা হচ্ছে তা কখনো গড়ে তোলা যাবে না। এসব হামলা বন্ধ করতে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে হবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, বাংলাদেশ বহু জাতি, বহু ধর্ম ও বহু সংস্কৃতির দেশ। এখানে সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনো স্থান নেই।
জগন্নাথ হলের সাবেক প্রাধ্যক্ষ অজয় কুমার রায় বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা করে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে।
সমাবেশ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়াসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সারা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করা।