হামলাকারীদের শাস্তির দাবিতে ফের আন্দোলনে বিজ্ঞানীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) শ্রমিকদের হাতে বিজ্ঞানীদের লাঞ্ছিত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে গত বুধবার থেকে আবারও আন্দোলন শুরু করেছেন বিজ্ঞানীরা।
লাঞ্ছিত হওয়ার ঘটনার পর পর রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে বদলি হওয়া মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহজাহান কবিরকে আবার প্রধান কার্যালয়ে আনার চেষ্টার প্রতিবাদে বিজ্ঞানীরা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ইনস্টিটিউটের মহাপরিচালকের দপ্তরের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির সহসভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মু. আনোয়ারুল হক, আবদুল লতিফ শাহ, নূর মোহাম্মদ, অভিজিত সাহা, মোহাম্মদ আলী সিদ্দিক, আমিনুন নাহার, শরিফা সুলতানা প্রমুখ।
বিজ্ঞানীদের অভিযোগ, গত ২২ জুলাই ইনস্টিটিউটের শ্রমিকদের হাতে কয়েকজন বিজ্ঞানী লাঞ্ছিত হন। এর পেছনে শাহজাহান কবিরের হাত ছিল। এ নিয়ে বিজ্ঞানীদের আন্দোলনের পর তাৎক্ষণিকভাবে শাহজাহান কবিরসহ তিন বিজ্ঞানীকে ইনস্টিটিউটের প্রধান কার্যালয় থেকে অন্যত্র বদলি করা হয়। পরে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর তিন শ্রমিককে কেবল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও দৃশ্যমান কোনো বিচার হয়নি।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আবদুল জলিল ভূঁইয়া কোনো মন্তব্য করতে ও তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।