বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে বৃহস্পতিবারের হামলা-ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে৷ গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ওই মানববন্ধন করা হয়৷
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে ওই মানববন্ধন করা হলেও এতে নগরের আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন৷
হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তি না দেওয়া পর্যন্ত কর্মকর্তা–কর্মচারীরা কর্মক্ষেত্রে ফিরবেন না বলে মানববন্ধনে ঘোষণা দেন৷
বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাতেমা মমতাজ বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও সহকারী রেজিস্ট্রারকে মারধর উদ্দেশ্যমূলক৷ যাঁরা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে ছিলেন না, তাঁরাই শিক্ষার্থীদের উসকে দিয়েছেন৷ হামলার মদদদাতাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভেতরের ও বাইরের লোক জড়িত ছিলেন৷ নইলে কোনো কিছু বুঝে ওঠার আগেই এ ধরনের হামলা হতে পারে না৷
হামলার ব্যাপারে বিশ্ববদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান প্রথম আলোকে বলেন, রেজিস্ট্রারের কক্ষে হামলা ও সহকারী রেজিস্ট্রারকে মারধর করার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ গতকাল ওই কমিটি সভায় বসেছে৷ তারা বিভিন্ন ইলেক্ট্রনিক মাধ্যমের ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করবে৷ এর সঙ্গে অন্য কারণগুলোও খতিয়ে দেখা হবে৷ তারপর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷