হামলাকারীদের শাস্তির দাবিতে সাদা দলের শিক্ষকদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকেরা গত রোববার তাঁদের ওপর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা-কর্মীদের হামলার ঘটনায় শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলামের অপসারণ এবং হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন। এই দাবি আদায়ে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সাদা দলের শিক্ষকেরা বেলা ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন। সাদা দলের আহ্বায়ক সদরুল আমিনের নেতৃত্বে শতাধিক শিক্ষক স্মারকলিপি নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান। উপাচার্য হামলার শিকার শিক্ষকদের যথাযথ খোঁজখবর নেননি—এমন অভিযোগ এনে শিক্ষকেরা সেখানে অবস্থান শুরু করেন। তাঁরা উপাচার্যের কার্যালয়ের ভেতরে ও বাইরে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য পূর্বনির্ধারিত ডিনস কমিটির সভায় যোগ দেন। সভা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আবারও কার্যালয়ে যান। এ সময় সাদা দলের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের বাগিবতণ্ডা হয়। বেলা সোয়া একটার দিকে শিক্ষকেরা ব্যবস্থা নিতে উপাচার্যকে ২৪ ঘণ্টার সময় দেন।
আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, তিনি স্মারকলিপি পেয়েছেন। তাঁদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।