হামলাকারীর জঙ্গি-সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি নিয়ে হামলা ও আনসার সদস্য হত্যায় জড়িত যুবকের পরিচয় এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে গত দুদিনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে হামলাকারী যুবকের জঙ্গি-সংশ্লিষ্টতার সম্ভাবনা নিয়ে সব মহলেই জোরেশোরে আলোচনা চলছে।

এদিকে ওই হামলায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হলেও নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকালে এক পর্যালোচনা সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

হামলাকারী যুবকের জঙ্গি-সংশ্লিষ্টতা রয়েছে কি না, সংবাদ ব্রিফিংয়ে এ প্রশ্ন করা হলে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এর সঙ্গে অন্য কোনো কানেকশন আছে কি না, পুলিশ তা তদন্ত করছে। বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সেগুলোও খতিয়ে দেখতে হবে। এর সঙ্গে জঙ্গি বা অন্য কোনো কানেকশন আছে কি না, সেটা পুলিশ খতিয়ে দেখবে।

হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করা হলে বিমানমন্ত্রী বলেন, ‘উদ্দেশ্য তো বলতে পারব না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সে অসংলগ্ন কথা বলছে।’ তিনি বলেন, বিমানবন্দরে ওই যুবক যখন হামলা চালান, তখন অনেক ফ্লাইটের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। অনেক যাত্রী ছিলেন। এ কারণে তাঁকে গুলি করা যায়নি। গুলি করলে অনেকে হতাহত হতেন। এরপরও একটি গুলি করা হয়েছে। ট্রলি দিয়ে আঘাত করে তাঁকে ফেলে দেওয়া হয়েছিল। এরপর চারদিক ঘিরে তাঁকে ধরা হয়। মজার ব্যাপার হচ্ছে, তাঁকে এত মার মারা হয়, তবু তাঁর কোনো বিকার ছিল না।

মন্ত্রী বলেন, আটক হওয়ার পরেও হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন পত্রিকায় তাঁকে বিমানবন্দরের পরিচ্ছন্নতায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা ঠিক যে পরিচ্ছন্নতা কোম্পানির রঙের পোশাক পরে তিনি বিভ্রান্ত করেছেন। তবে তিনি যে ওই প্রতিষ্ঠানের কর্মী, এটা এখনো প্রমাণিত হয়নি। ওই কোম্পানির তথ্যভান্ডারেও গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। এখন সংস্থাগুলো তা পরীক্ষা করে দেখছে। আশা করি, অচিরেই তাঁর পরিচয় বের হবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, হামলাকারীর আচরণে তাঁরা জঙ্গি হিসেবে সন্দেহ করছেন।

আরেকজন কর্মকর্তা বলেন, কুর্মিটোলা হাসপাতালে ওই যুবককে তিনি জিজ্ঞাসাবাদ করেছিলেন। তখন ওই যুবকের কথাবার্তা শুনে মনে হয়েছে, তিনি ‘মারা যেতে পারেন’—এটা ধরে নিয়েই এ হামলা চালাতে আসেন।

এ ঘটনায় আনসারের দায়ের করা মামলায় বলা হয়েছে, ওই যুবক পরিকল্পিত উপায়ে বিমানবন্দরে ঢোকার জন্য কর্তব্যরত আনসার ও পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ, হত্যা ও জখম করেন। তবে কেন তিনি বিমানবন্দরের ভেতরে ঢুকতে চাচ্ছিলেন, মামলায় সে বিষয়ে এজাহারে কিছু বলা হয়নি।

আহত অবস্থায় গ্রেপ্তার হওয়া হামলাকারী যুবক এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বিষয়ে খোঁজখবর করতে সেখানে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা দফায় দফায় আসা-যাওয়া করছেন।

নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট: বিমানবন্দরে ছুরি নিয়ে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকালে নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিমানমন্ত্রী। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার, শাহজালাল বিমানবন্দরের পরিচালক, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়কসহ বিমানবন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী বলেন, ওই ঘটনার পরে স্বাভাবিকভাবেই নিরাপত্তার প্রশ্নটি সামনে এসে যায়। তবে এটি স্পষ্ট যে বেশ কিছুদিন ধরে নিরাপত্তার যে ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, তাতে তিনি কোনো ত্রুটি দেখছেন না। কারণ, ঘটনাটি ঘটেছে মূল নিরাপদ এলাকার (পেরিফেরি) বাইরে। তিনি বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলেন, ‘বিশ্বের বড় বড় বিমানবন্দরের বাইরের দিকে ঢোকার রাস্তায় কোনো তল্লাশি হয় না। কিন্তু আমাদের এখানে তিন দফায় তল্লাশি হয়। সেদিক থেকে বলা যায়, এখানে যথাযথ নিরাপত্তাব্যবস্থা রয়েছে।’

 পরে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পৃথিবীর অন্তত ১০টি বড় বিমানবন্দর তাঁরা দেখে এসেছেন। ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা সেগুলোর মতোই। তিনি বলেন, ‘এখানে যে ঘটনা ঘটেছে, এটা সবার উদ্বেগের কারণ, কোনো সন্দেহ নাই। আজকের পৃথিবীতে অ্যাভিয়েশন সিকিউরিটি স্পর্শকাতর বিষয়। আমি আশ্বস্ত করতে চাই, আমাদের বিমানবন্দরে এ ধরনের ঘটনার চেষ্টা ঘটতে পারে। কিন্তু সেটা ঠেকানোর মতো দক্ষতা, যোগ্যতা, আন্তরিক প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ অনেক বেশি সচেতন। অনেক বেশি দক্ষতা ও যোগ্যতার সঙ্গে বাংলাদেশ এ বিষয়ে কাজ করছে। বিশেষ করে আনসার ও এপিবিএনের অ্যালার্টনেস আমাদের সাহায্য করেছে এভাবে যে তারা জীবন দিয়ে হলেও লোকটিকে ঠেকিয়েছে।’

রাশেদ খান মেনন বলেন, হামলাকারীকে ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত আনসার সদস্য সোহাগ আলীর পরিবারকে বেবিচকের পক্ষ থেকে এক লাখ টাকা দেওয়া হয়েছে। মন্ত্রী ব্যক্তিগতভাবে এক লাখ টাকা সহায়তা দিয়েছেন। ওই ঘটনায় জিয়াউর রহমান নামে এক আনসার সদস্য এবং আশিক ও ইশতিয়াক নামে দুজন এপিবিএনের সদস্য আহত হন। তাঁদের চিকিৎসার বিষয়টিও বেবিচক দেখবে বলে জানান মন্ত্রী।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় এক যুবক ছুরি নিয়ে হামলা চালান। তাঁকে ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন আনসার সদস্য সোহাগ আলী। এ ঘটনায় ৭ নভেম্বর বিমানবন্দর থানায় আসামির নাম শিহাব উল্লেখ করে আনসারের পক্ষ থেকে একটি মামলা করা হয়।