হামলাকারীর পকেটে কিছু ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না মুঠোফোন, না মানিব্যাগ—কিছুই ছিল না বিমানবন্দরে হামলাকারী লোকটির পকেটে। নাম-পরিচয় শনাক্ত করা যায়, এমন কোনো কাগজ বা পরিচয়পত্রও নেই। জিজ্ঞাসাবাদেও তিনি উল্টাপাল্টা কথা বলছেন। পুলিশের কর্মকর্তারা বলছেন, তিন দিনেও তাঁর পরিচয় জানা যায়নি।
লোকটিকে জিজ্ঞাসাবাদে যুক্ত ছিলেন এমন একজন কর্মকর্তা গতকাল বুধবার বলেন, তিনি অযৌক্তিক কথাবার্তা বলছেন। ‘তোমার বাড়ি কোথায়?’ জিজ্ঞেস করা হলে বলছেন, ‘আমি রাস্তার ছেলে।’ আবার এর মধ্যে তিনি একবার বলেছেন, তাঁর নাম শিহাব, বাড়ি রাজশাহী। এ ঘটনায় করা মামলায় তাঁর এ পরিচয়ই উল্লেখ করেছে পুলিশ। আবার মা-বাবার নাম জানতে চাইলেও তিনি বলেছেন, তাঁর মা-বাবা নেই। তিনি রাস্তার ছেলে। বিমানবন্দরে কীভাবে এলেন, জানতে চাইলে লোকটি বলেছেন, একজন তাঁকে কোনো একটি চৌরাস্তা থেকে বাসে উঠিয়ে দেয়। এরপর তিনি বিমানবন্দরে এসে নামেন। এর আগে তিনি একটি বাসায় ছিলেন বলে জানালেও কোথায়, কার বাসায় ছিলেন, কিছুই বলেননি। বিমানবন্দরের ভেতরে কেন ঢুকতে চাচ্ছিলেন, জানতে চাইলে তিনি বলেছেন, ভেতরে ঘুমানো যায় কি না, সেটা দেখার জন্য। কিন্তু তাঁর কাছে ছুরি ছিল। ছুরি বের করার পর সবাই তাঁকে মারধর শুরু করলে তিনি এলোপাতাড়ি ছুরি চালান।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, তাঁর কাছে একটি ছুরি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। তাঁর পকেটে কোনো কাগজ, মানিব্যাগ, মুঠোফোন—কিছুই পাওয়া যায়নি। আঙুলের ছাপ মিলিয়েও জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইসে তাঁকে পাওয়া যায়নি। এখন সংবাদমাধ্যমে তাঁর ছবি প্রকাশ করে পরিচয় জানার চেষ্টা করার কথা ভাবছে পুলিশ।
পুলিশের আরেকজন কর্মকর্তা বলেন, লোকটি পাগলের মতো কথাবার্তা বলছেন। কিন্তু তাঁর পরনের প্যান্ট, টি-শার্ট দেখে মনে হয় না তিনি পাগল। এ ছাড়া তিনি বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মীদের মতো হলুদ রঙের টি-শার্ট পরে ছদ্মবেশ নেওয়ার চেষ্টা করেছিলেন বলেই কর্মকর্তারা মনে করেন।
আহত লোকটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ২ নম্বর ব্লকে চিকিৎসাধীন। ওই বিভাগের একজন সহকারী রেজিস্ট্রার বলেন, রোগীর অবস্থা এখন অনেক ভালো। তিনি যে উল্টাপাল্টা কথা বলছেন, তার জন্য হাসপাতালের মানসিক বিভাগে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা করবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় এক যুবক ছুরি নিয়ে হামলা চালান। তাঁকে ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন আনসার সদস্য সোহাগ আলী। এ ঘটনায় ৭ নভেম্বর বিমানবন্দর থানায় আসামির নাম শিহাব উল্লেখ করে আনসারের পক্ষ থেকে একটি মামলা করা হয়।